শিশির হাওলাদারকে ঘিরে হামলার অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের প্রচার খারিজ বিজেপি মণ্ডল সভাপতির

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদায় বিজেপি নেতা শিশির হাওলাদারের রাস্তায় আহত হবার চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, সোমবার রাতে বনগাঁ–দত্তফুলিয়া সড়কে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী কত্তৃক হামলার শিকার হন তিনি। অভিযোগ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক শিশির হাওলাদার গুরুতর আহত হয়ে বাগদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।এই ঘটনার পরই বিভিন্ন ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় শিশির হাওলাদারের উপর হামলার ঘটনাকে বাগদায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে যুক্ত করে নানা দাবি ও আলোচনা ছড়িয়ে পড়ে। সেই প্রচারকে সম্পূর্ণ অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির বাগদা মণ্ডল-১-এর সভাপতি দিবাকর তরফদার।

দিবাকর তরফদারের দাবি, বাগদায় বিজেপির অন্দরে কোনও ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তাঁর কথায়, এ ধরনের প্রচার সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তাঁর দাবি, শিশির হাওলাদার দলের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন সময়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও ‘আপেল’, কখনও ‘ফুলকপি’ মার্কা এবং কখনও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁকে রাস্তা মাপতে দেখা যাচ্ছে—এমন মন্তব্যও করেন দিবাকরবাবু।শিশির হাওলাদারের আহত হওয়ার ঘটনাটিকে নিয়েও ভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিজেপির এই মণ্ডল সভাপতি। তাঁর অনুমান, বনগাঁ–দত্তফুলিয়া সড়কে ঘটে যাওয়া ঘটনাটি নিছক পথ-দুর্ঘটনাও হতে পারে। এমনকি ঘটনাটি সাজানো হতে পারে অথবা এর পিছনে বিরোধীদের কোনও চক্রান্ত রয়েছে কি না, সেই প্রশ্নও তিনি তুলেছেন।তবে ঘটনার প্রকৃত কারণ কী—তা এখনও নিশ্চিত নয়।

হামলার অভিযোগ, পথ-দুর্ঘটনার সম্ভাবনা কিংবা অন্য কোনও কারণ—সমস্ত দিকই তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার বিষয়। ফলে রাজনৈতিক তরজার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দিকেই এখন নজর বাগদার রাজনৈতিক ও সাধারণ মহলের।ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন শিশির হাওলাদারের উপর হামলার অভিযোগ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই অন্যদিকে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে সরাসরি খারিজ করে দিবাকর তরফদারের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *