নীরেশ ভৌমিক : জন্মমাসে বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর প্রতিকৃতিতে ফুলমালা অর্পণের মধ্য দিয়ে গত ২৬ সেপ্টেম্বর অপরাহ্ণে গোবরডাঙার সেবা ফার্মাস সমিতির সভা গৃহে মহাসমারোহে শুরু হয় ৮২তম মাসিক সাহিত্য সভা,সেইসঙ্গে কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান।

বিশিষ্ট কবি ও শিক্ষিকা কাকলি রায় এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বরিষ্ঠ সাংবাদিক সরোজ চক্রবর্ত্তী ও বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও কবি ধীরাজ কুমার রায় প্রমুখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কলেজছাত্রী জিনিয়া।

বিদ্যাসাগরের জীবনির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সরোজ চক্রবর্ত্তী, কথা সাহিত্যিক শরৎচন্দ্রের জীবন ও সাহিত্য চর্চার উপর শিক্ষক অলকানন্দ বসু এবং প্রকৃতিপ্রেমী সাহিত্যিক বিভূতিভূষণের সাহিত্য চর্চা ও জীবনীর উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস।

স্বাগত ভাষণে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব এবং সেই সাথে সেবা সমিতির বিভিন্ন সেবা মূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার।

এদিন প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট কবি বাঁকি বিল্লাহ মণ্ডলকে পুষ্প স্তবক, উত্তরীয়, মেমেন্টো, মানপত্র সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

মানপত্র পাঠ করেন সেবার অন্যতম কর্মী সুস্মিতা দাস। উপহার সামগ্রী তুলে দেন, সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা, সম্পাদক গোবিন্দ বাবু এবং প্রবিনা সেবিকা প্রতিমা চক্রবর্ত্তী।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।

সংগীত পরিবেশন করেন সমীর চ্যাটার্জী, বৈশাখী সাহা, বিমলকান্তি সরকার। স্বরচিত গান গেয়ে সমবেত সকলের প্রশংসা লাভ করেন সুগায়ক অমল মণ্ডল। ধীরাজ বাবুর সুচারু সঞ্চালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।





















Leave a Reply