পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসানের পথে আরও একধাপ এগোল বাগদা গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার সরকারি নিয়ম ও পঞ্চায়েতের নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়া মেনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা শ্রীমতী পুষ্প মণ্ডল অধিকারী।

নির্বাচনী প্রক্রিয়া শেষে তাঁর নাম উপপ্রধান হিসেবে ঘোষণা হতেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। শুরু হয় গেরুয়া আবীর খেলা, আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগদা গ্রাম পঞ্চায়েত চত্বর। উল্লেখ্য, বাগদা গ্রাম পঞ্চায়েতে মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ২১ জন, বিজেপির ৫ জন এবং ১ জন নির্দল সদস্য ছিলেন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এতদিন পঞ্চায়েতের পরিচালনার দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতের তৎকালীন প্রধান সঞ্জিত সর্দার পদত্যাগ করেন। এরপর তৃণমূলের উপপ্রধান সুনীল পালও তাঁর পদ থেকে সরে দাঁড়ান।প্রধান ও উপপ্রধান—দুই গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে যাওয়ায় কার্যত প্রশাসনিক অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয় বাগদা গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও ব্যাহত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এই পরিস্থিতির মধ্যেই আজ অনুষ্ঠিত হল উপপ্রধান নির্বাচন।নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিজেপির পঞ্চায়েত সদস্যা পুষ্প মণ্ডল অধিকারীর নাম উপপ্রধান পদের জন্য প্রস্তাব করা হয়। তাঁর বিপক্ষে অন্য কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম উপপ্রধান হিসেবে ঘোষণা করা হয়।

তবে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি এসটি সংরক্ষিত হওয়ায় এবং বর্তমানে উপযুক্ত দ্বিতীয় কোনও এসটি সদস্য বা সদস্যা না থাকায় নতুন করে প্রধান নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এই পরিস্থিতিতে নবনির্বাচিত উপপ্রধান পুষ্প মণ্ডল অধিকারীই প্রধানের দায়িত্বভারও সামলাবেন বলে জানা যাচ্ছে।

উপপ্রধান নির্বাচনের পর বাগদার বিধায়ক সোমা ঠাকুর বলেন, “বাগদা গ্রাম পঞ্চায়েত বাগদা বিধানসভার একটা গুরুত্বপূর্ণ পঞ্চায়েত। এতদিন এখানে সাধারণ মানুষের চাহিদা মত কোন কাজ হচ্ছিল না। এবার বিজেপির হাতে এসেছে, উপপ্রধান পুষ্প মণ্ডল অধিকারীর হাত ধরে এই পঞ্চায়েতে উন্নয়ন হবে, সাধারণ মানুষ যথাযথ পরিসেবা পাবে। বিগত প্রধানের দেনা ৯ লক্ষ এটা কিভাবে হল ? পঞ্চায়েতের টাকা নয়-ছয় হল কিভাবে, এগুলো খতিয়ে দেখা হবে।

নবরূপে নতুন করে আমরা বাগদা গ্রাম পঞ্চায়েত কে পেলাম তাই আমাদের প্রত্যশাও অনেক। আমাদের নতুন উপপ্রধান স্বচ্ছতার সাথে এই পঞ্চায়েতকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন, তার জন্য বিধায়ক হিসাবে আমার সর্ব্বাঙ্গীন সহযোগিতা থাকবে। ”নবনির্বাচিত উপপ্রধান পুষ্প মণ্ডল অধিকারী বলেন, “ তিনি পঞ্চায়েতের এতবড় দ্বায়িত্ব পাবেন তা তিনি সপ্নেও ভাবেননি।

তিনি সকলের সহযোগিতা নিয়ে এই পঞ্চায়েতঃ সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাবেন এবং তিনি সব সময়ই মানুষের পাশে থাকবেন।”বাগদা বিজেপি মণ্ডল-১-এর সভাপতি দিবাকর তরফদার বলেন, সরকার পরিবর্তনের পরপরই পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধানের ইস্তফায় অ-কার্যকর হয়েছিল বাগদা গ্রাম পঞ্চায়েত। ” প্রধানের পদটি এসটি সংরক্ষিত হওয়ায় এবং বর্তমানে উপযুক্ত দ্বিতীয় কোনও এসটি সদস্য বা সদস্যা না থাকায় নতুন করে প্রধান নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে নবনির্বাচিত উপপ্রধান পুষ্প মণ্ডল অধিকারীই প্রধানের দায়িত্বভারও সামলাবেন। নতুন উপপ্রধান নির্বাচনের মধ্য দিয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্মকাণ্ডে ফের গতি আসবে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পঞ্চায়েতের স্বাভাবিক পরিষেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সক্রিয়ভাবে এগিয়ে যাবে। সম্ভাবনাময় এই পঞ্চায়েতে যথেষ্ট আয়ের উৎস থাকার সত্ত্বেও বিগত পঞ্চায়েত প্রধানের দ্বারা পঞ্চায়েতের তহবিল যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এরও তদন্ত করা হবে।

আজকের এই কর্মসূচিতে বিজেপির বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা বিধানসভার বিধায়ক সোমা ঠাকুর, বাগদা মণ্ডল-১ সভাপতি- দিবাকর তরফদার, বিজেপি নেতৃত্ব- অভিজিৎ সরকার, গণেশ বিশ্বাস, সন্তোষ বিশ্বাস, দিলীপ ঘোষ, পরিমল মজুমদার, জগদীশ সরকার, যুব-মোর্চার নেতা অমরেশ দেবনাথ প্রমূখ।




















Leave a Reply