মছলন্দপুরেপুজোয় ‘মা সেবা ফাউন্ডেশনের’ মানবিক কর্মসূচী- প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান

নীরেশ ভৌমিক : বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব-এর আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নিতে দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর নানা সমাজসেবামূলক কাজ করে থাকে মছলন্দপুরের তথা জেলার উল্লেখযোগ্য সমাজসেবামূলক সংগঠন মা সেবা ফাউন্ডেশনের সদস্যগণ।

সংগঠনের ৪৯ তম বর্ষের দুর্গোৎসব উপলক্ষে গত ১৭ অক্টোবর বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) চারজন মানুষের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার। জীবনের চলার পথকে সুগম করে তুলতে এই বাহন পেয়ে অতিশয় খুশি প্রতিবন্ধীগন সহ তাঁদের পরিবার পরিজন।

সংগঠনের সভাপতি বিশ্বরূপ সিংহ জানান, তাঁরা ইতিপূর্বে এলাকার দুঃস্থ-অসহায় মানুষদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছেন। আগামীদিনে সুন্দরবন এলাকার দরিদ্র এবং পিছিয়ে পড়া সমাজের মানুষ-জনের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেবার পরিকল্পনা রয়েছে।

এদিনের বিশেষভাবে সক্ষমদের মধ্যে প্রতিবন্ধী সহায়ক সরঞ্জাম এবং মিষ্টি প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে ছিলেন মছলন্দপুরের তেঁতুলিয়া সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি বর্ষীয়ান মহাদেব বণিক, সম্পাদক শ্যামল রায়, শিক্ষক নিরাপদ বিশ্বাস,

সমাজকর্মী রামজীবন নাগ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষিকা শম্পা মল্লিক প্রমুখ। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা থেকে মা সেবা ফাউন্ডেশনের সদস্যদের এই মহতী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *