পুজোয় ভ্যানচালকদের লুঙ্গি ও গামছা প্রদান চাঁদপাড়া ক্রেজি গ্রুপের

নীরেশ ভৌমিক : বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব ও দুর্গাপূজোর প্রাক্কালে এবারও এলাকার বেশ কয়েকজন ভ্যান চালক ভাইদের হাতে নতুন লুঙ্গি ও গামছা তুলে দেয় চাঁদপাড়ার অন্যতম সামাজিক সংগঠন ক্রেজি গ্রুপের সদস্যরা।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় চাঁদপাড়ার উৎসব অনুষ্ঠান গৃহ সংলগ্ন অঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে জনা পঞ্চাশ ভ্যানচালকের হাতে লুঙ্গি, গামছা ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান উদ্যোক্তারা।

নতুন দামি লুঙ্গি ও গামছা পেয়ে অতিশয় খুশি কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা ভ্যানচালকগণ।ক্রেজি গ্রুপের এদিনের সমগ্র কর্মসূচীকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন

সংগঠনের অন্যতম সদস্য অনিমেষ সাহা, সুদীপ দাস, সজল রায়, রাজীব দাস, অংশুমিতা পাল , ডাঃ সুমন সাহা ও শিক্ষক অপূর্ব ঘোষ প্রমুখ সদস্যগণ।

সম্পাদক প্রাক্তন সৈনিক টুটুন বিশ্বাস জানান, শুধু দরিদ্র ভ্যান চালকদের লুঙ্গি, গামছা দান নয়, প্রতিবছর তাঁরা রক্তদান শিবির, বিনা মূল্যে স্বাস্থ্যশিবির, ঔষধ প্রদান

এবং খেলাধুলার প্রসারে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে থাকেন। সংগঠনের সদস্যদের আন্তরিক উদ্যোগে ক্রেজি গ্রুপ আয়োজিত এদিনের লুঙ্গি ও গামছা প্রদান অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *