নীরেশ ভৌমিক : জন্মমাসে প্রখ্যাত কবি সুকুমার রায়, কামিনী রায় এবং বিশিষ্ট সমাজসেবিকা সিস্টার নিবেদিতার প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গত ৩১ অক্টোবর অপরাহ্নে গোবরডাঙার সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৮৩ তম মাসিক সাহিত্য সভা।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট কবি স্বপন কুমার বালার পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সাহিত্য সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বর্ষীয়ান লেখক ও সাংবাদিক সরোজকান্তি চক্রবর্তী, প্রধান শিক্ষক কমল কৃষ্ণ পাইক প্রমুখ।

উপস্থিত ছিলেন সেবা সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা ও সম্পাদক গোবিন্দলাল মজুমদার। স্বাগত ভাষণে সেবা সমিতির সম্পাদক গোবিন্দ বাবু উপস্থিত সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সেই সঙ্গে সমিতির বিভিন্ন সেবামূলক কাজ এবং আয়োজিত কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনার গুরুত্ব তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন। প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্মের উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন যথাক্রমে কবি সুরঞ্জন টিকাদার,

টুলু সেন ও বর্ষিয়ান সাংবাদিক সরোজকান্তি চক্রবর্তী।সেবা সমিতির পক্ষ থেকে এদিন বিশিষ্ট শিক্ষক ও কবি বিধান চন্দ্র মণ্ডলকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র এবং স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

কবি বিধান বাবুর সাথে উপস্থিত তাঁর সহধর্মিণী এবং কন্যাদ্বয়কেও সংবর্ধনা জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিগণ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন।

অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী প্রবীর হালদারের গাওয়া গান ও সংবর্ধিত কবি বিধান বাবুর দুই শিশু কন্যার কন্ঠে পিতার লেখা কবিতা পাঠ সমবেত সকলকে মুগ্ধ করে।

শিক্ষক কমল বাবুর সুচারু সঞ্চালনায় সেবা ফার্মার্স সমিতি আয়োজিত এদিনের কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।



















Leave a Reply