নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও গত ২৪ জানুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ঢাকুরিয়া হাই স্কুল আয়োজিত অশোক সেন স্মৃতি শিশু মেলা-২০২৬।

এদিন সকালে বিদ্যালয়ের রূপকার প্রয়াত অশোক সেন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ আয়োজিত বার্ষিক শিশু মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ নিরুপম রায়, মধুসূদন সিংহ, বাপী দাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্ষিয়ান শান্তিময় চক্রবর্তী, ছিলেন পার্শ্ববর্তী ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীগণ।

বিদ্যালয় পরিচালিত সমিতির সভাপতি কাজল ঘোষ ও প্রধান শিক্ষক ডঃ অনুপম দে সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে আয়োজিত শিশু মেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং মাঠ জুড়ে আয়োজিত মেলা ঘুরে দেখেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে মিষ্টি প্রদানে আপ্যায়িত করা হয়।

মেলায় পিঠে-পুলি, ফুচকা, পাঁপড় সহ নানা খাবারের স্টল ছাড়াও খেলনা, বস্ত্র, পুস্তক, শিশুদের নাগরদোলা ইত্যাদি চোখে পড়ে।

মেলাকে আকর্ষণীয় করে তুলতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

মেলা প্রাঙ্গণের সুসজ্জিত অঙ্গনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজক বিদ্যালয় ছাড়াও ঢাকুরিয়া বালিকার পড়ুয়াগণ অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রী ছাড়াও স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবারে শিশু মেলা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।



















Leave a Reply