কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে ভক্তিভরে পালিত হলো শ্রীনৃসিংহ চতুর্দশী

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : কলকাতা, ৩০ এপ্রিল: কলকাতার গড়পার এলাকার রামমোহন রায় রোডে অবস্থিত শ্রীশ্রীনগেন্দ্র মঠ ও নগেন্দ্র মিশনের উদ্যোগে ভক্তিভরে পালিত হলো শ্রীনৃসিংহ চতুর্দশী। পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ, তথা ভাদুড়ী মহাশয়ের জীবনের শেষ পর্বের সাধনভূমি হিসেবে এই স্থানটি বিশেষভাবে সমাদৃত।

এই উৎসব উপলক্ষে নিত্যপূজার পাশাপাশি পবিত্র শালগ্রাম শিলার মাধ্যমে ভগবান নৃসিংহদেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হয় – যা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর আধ্যাত্মিক আবহের সৃষ্টি করে।সন্ধ্যায় নিত্য প্রার্থনার সঙ্গে পরিবেশিত হয় পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ রচিত ও সুরারোপিত পরমার্থ সঙ্গীত। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. রবীন্দ্রনাথ কর ও দেবাশিস বোস।

এছাড়াও, ভগবান নৃসিংহদেবকে কেন্দ্র করে একটি শাস্ত্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের বংশধর ও পুরাণ গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন।সমগ্র অনুষ্ঠান সঞ্জয় ভট্টাচার্যের সার্বিক সহযোগিতায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *