নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঢাকুড়িয়া গ্রামের ভগ্নপ্রায় পল্লীবান্ধব সম্মিলনী সমাজ মিলন কেন্দ্রে অবশেষে আলো জ্বলল দীর্ঘকাল বাদে। গত ৪ জুলাই গাইঘাটার ফুলসরা অঞ্চলের পাঁচপোতা বীণাপাণি নাট্য সংস্থা মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

পল্লীবান্ধব ক্লাবে এদিনের সন্ধ্যায় বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ ঘোষ, দীপঙ্কর সরকার, তাপস চক্রবর্তী কর্তৃক ধূপ-দীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার কর্ণধার সংস্কৃতিপ্রেমী রণপতি রায়।

অনুষ্ঠানের শুরুতেই এই পল্লীবান্ধব সমাজমিলন কেন্দ্রের সংস্কার সাধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সংস্কৃতিপ্রেমী বিশ্বজিৎ ঘোষ, সঞ্জীব চক্রবর্তী, দেবরঞ্জন সেন প্রমুখ।

মনোজ্ঞ অনুষ্ঠানে অঙ্কিতা সরকার ও দীপান্বিতা সরকারের সঙ্গীতানুষ্ঠান, সায়নি সেনগুপ্তর কবিতা আবৃত্তি এবং সর্বশেষে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রণপতি রায় পরিবেশিত পরিবেশ সচেতনতার নাটক

‘দাও ফিরে সে অরণ্য’ সমবেত দর্শক মণ্ডলীর উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। সাংস্কৃতিক কর্মী দিলীপ বিশ্বাসের সুচারু পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।





















Leave a Reply