গোবরডাঙ্গা শিল্পায়নে স্বনামধন্যা নাট্যাভিনেত্রী দীপা ব্রহ্মের তৃতীয় বার্ষিক প্রয়ান দিবসে স্মারক বক্তৃতা ও মনোজ্ঞ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল ‘শিল্পায়ন’-এর মঞ্চ, এফ. এম ও বেতার নাটকের প্রথিতযশা অভিনেত্রী দীপা ব্রহ্মের তৃতীয় মৃত্যুবার্ষিকী মর্যাদা সহকারে পালন করে শিল্পায়ন কতৃপক্ষ।

বিগত বছরের মতো এবারও ৯ জুলাই প্রয়াণ দিবস উপলক্ষে দীপা স্মরণ ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এদিন অপরাহ্নে সংস্থা প্রাঙ্গণে প্রয়াত অভিনেত্রীর অবক্ষমূর্তিতে ফুল-মালা অর্পণ এবং সেই সঙ্গে শিল্পায়ন নাট্যবিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত,

প্রয়াত দীপার প্রতিকৃতি সহ দুটি ম্যুরালের আবরণ উন্মোচন করেন ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতীর জেলা সভানেত্রী শাশ্বতী নাথ ও সম্পাদক তিলক সেনগুপ্ত প্রমুখ বিশিষ্টজন।

শিশু শিল্পী বন্দীশ বন্দ্যোপাধ্যায়ের সেতার বাজনার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রখ্যাত নাট্যপরিচালক কল্লোল ভট্টাচার্য, সংস্কৃতিপ্রেমী দেব ভরদ্বাজ,

বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশন মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. দীপঙ্কর মল্লিক, কবি রীনা রায় ও প্রবীণ লেখক ও সাংবাদিক বিপ্লব ঘোষ প্রমুখ। শিক্ষায়তন এর প্রাণপুরুষ ও প্রখ্যাত নাট্যপরিচালক আশিস চ্যাটার্জী সকলকে স্বাগত জানান।

সংস্থার সদস্যগণ বিশিষ্টব্যক্তিবর্গকে ফুলগাছের চারা, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্টজনেরা সকলে বেতার ও মঞ্চ কাঁপানো অভিনেত্রী ও সুগায়িকা অকাল প্রয়াত দীপাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং

সেই সঙ্গে নাট্যচর্চা ও প্রসারে শিল্পায়ন এবং সেইসঙ্গে নাট্যেনির্দেশক আশিস বাবুর অবদান তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন। এদিন মঞ্চ থেকে চিত্রকর বুদ্ধদেব রায় ও দুই ম্যুরাল ভাস্করকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

দীপা ব্রহ্মের স্মরণে আয়োজিত সাহিত্যসম্রাট ‘বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবোধ’ ও ‘বন্দে মাতরম’ শীর্ষক স্মারক বক্তৃতায় অংশ নেন আশিস গিরি ও সভামুখ্য অধ্যাপক ড. দীপঙ্কর মল্লিক।

এদিন বিশিষ্ট নৃত্যশিল্পী জয়ন্ত দাসের নির্দেশনায় গৌড়ীয় নৃত্যের অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন শিল্পায়ন প্রযোজিত মঞ্চ সফল নাটক ‘উত্তম পুরুষ’ সমবেত দর্শক সাধারণের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

নানা অনুষ্ঠান এবং বহু বিশিষ্টব্যক্তি ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহনে প্রয়াত দীপা ব্রহ্মের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমগ্র কর্মসূচী বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *