পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কিছু স্বতীর্থের করা অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় বিজেপির বাগদা ১ নম্বর মণ্ডল সভাপতি দিবাকর তরফদারকে পুনরায় স্ব-পদে বহাল করার নির্দেশ দেয় দলের ঊর্ধ্বতন নেতৃত্ব।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বাগদা বিজেপি কার্যালয়ে আনন্দের জোয়ার নেমে আসে।পুনর্বহালের খবরে দলীয় কার্যালয়ে সকলের মাঝে লাড্ডু বিতরণ করেন দলের সৈনিকরা। ফুলের মালা ও দলীয় উত্তরীয় পরিয়ে দিবাকর তরফদারকে সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত নেতা-কর্মীদের উচ্ছ্বাসে গোটা পরিবেশ উৎসবের আবহে পরিণত হয়। বুথ স্তরের কর্মী থেকে শুরু করে মণ্ডল ও জেলা নেতৃত্ব—সকলেই একত্রিত হয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব বিকাশ বাবু, বাগদা ১ নম্বর মণ্ডল সভাপতি দিবাকর তরফদার, সহ-সভাপতি গণেশ বিশ্বাস, কল্যাণ বসাক, অভিজিৎ সরকার, আনন্দ অধিকারী, সম্পাদক দিলীপ ঘোষ, মহিলা মোর্চার রিম্পা ঘোষ-সহ একাধিক বিশিষ্ট নেতা-কর্মী।

তাঁরা বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কর্মীদের প্রতি আস্থার উপর গুরুত্বারোপ করেন।নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, সত্য ও সাংগঠনিক ন্যায়বিচারের জয় হয়েছে।

পুনরায় দায়িত্ব ফিরে পাওয়ায় দিবাকর তরফদার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আরও নিষ্ঠা, সততা ও কর্মোদ্যমের সঙ্গে দলীয় দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।

সমগ্র অনুষ্ঠান জুড়ে কর্মীদের উচ্ছ্বাস, সৌহার্দ্য ও ঐক্যের ছবি স্পষ্ট হয়ে ওঠে। উপস্থিত নেতা-কর্মীদের মতে, এই পুনর্বহাল সংগঠনের অভ্যন্তরে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তুলবে।

অনুষ্ঠানে বক্তব্য দান কালে দিবাকর বাবু বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ করে যারা রাজনৈতিক ফাইদা তোলার চেষ্টা করেছিল, তাদের নৈতিক পরাজয় হয়েছে। সত্য ও ন্যায় নিষ্ঠার জয় হয়েছে। সংগঠনকে আরও মজবুত করতে দলীয় নীতির পরিপন্থী কোন কাজ করা চলবে না।

মন্ডল প্রেসিডেন্টের অনুমতি ছাড়া দলের কোন শাখা সংগঠন তাদের ইচ্ছা মত কোন প্রকার দলীয় প্রোগ্রাম পরিচালনা করতে পারবেন না। আর যদি তা করে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গনেষ বাবু বলেন, অন্য দলের চাপে যারা প্রকাশ্যে দলের হয়ে কাজ না করলেও যারা দলের হিতাকাঙ্খী তাদের নিয়ে বাগদা ১নং মণ্ডল ভাববে। তবে দলে তৃণমূলের তোলাবাজদের কোন জায়গা হবে না। বক্তব্যে একই কথার প্রতিফলন হয় অভিজিত বাবু ,আনন্দ বাবু, দিলীপ বাবু প্রমুখের কন্ঠে।

পারফেক্ট টাইম নিউজ পোর্টালকে দেওয়া এক সাক্ষাৎকারে বাগদার ১নং মণ্ডল সভাপতি দিবাকর তরফদার বলেন, তৃণমূলের কোন অসাধু নেতৃত্বের জায়গা বিজেপিতে হবে না। তৃণমূলের দুর্নীতিবাজ গ্রেফতার হচ্ছে, এখনও হবে, তারা পালিয়ে বাঁচতে পারবে না।

কোন প্রকার সেটিং এদেরকে রক্ষা করতে পারবে না। অনুষ্ঠানের শুরু ও শেষ হয় সকল নেতা-কর্মীদের উঠে দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, জেলা নেতৃত্ব বিকাশ বাবু।




















Leave a Reply