আসামে জাতীয় মূকাভিনয় উৎসবে সাফল্য,মছলন্দপুর ইমন মাইম সেন্টারের

নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টার সম্প্রতি আসামের ‘নির্বাক’ সংস্থা আয়োজিত “ন্যাশনাল চিল্ড্রেন মাইম ফেস্টিভ্যাল”-এ অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

২৫ জুলাই ২০২৬ উৎসবের প্রথম দিনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে ইমনের বন্ধু সৃজা হাওলাদার ও সৌরজ্যোতি অধিকারী।

উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ জুলাই ইমনের ছোট বন্ধুরা তাদের দক্ষ ও মনোমুগ্ধকর মূকাভিনয় পরিবেশনের মাধ্যমে দর্শক ও উপস্থিত বিশিষ্টজনদের প্রশংসা কুড়িয়েছে।

উৎসব উপলক্ষে অনুষ্ঠিত ‘মূকাভিনয় শিল্পের পুনরুজ্জীবন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে বক্তব্য রাখেন ইমন মাইম সেন্টারের পরিচালক ধীরাজ হাওলাদার এবং ইমনের অভিভাবক, গোবরডাঙা নাবিক নাট্যম এর পরিচালক জীবন অধিকারী।

তাঁরা বর্তমান সময়ে মূকাভিনয় শিল্পের চর্চা, প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

এছাড়াও ২৬জুলাই আসাম সরকারের উদ্যোগে আয়োজিত “গ্রীষ্মকালীন কর্মশালা”-য় প্রশিক্ষক হিসেবে আমন্ত্রিত হন ইমন মাইম সেন্টারের পরিচালক ধীরাজ হাওলাদার, অভিভাবক জীবন অধিকারী এবং ইমনের সম্পাদক জয়ন্ত সাহা।

কর্মশালায় ধীরাজবাবু ও জয়ন্তবাবু অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন থিয়েটারি খেলার মাধ্যমে ও হাতে-কলমে মূকাভিনয়ের বিভিন্ন কৌশলের প্রশিক্ষণ প্রদান করেন এবং জীবনবাবু থিয়েটারে নানা অভিব্যক্তি প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেন।

একই সঙ্গে জাতীয় স্তরের উৎসব, সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মছলন্দপুর ইমন মাইম সেন্টার বাংলা তথা ভারতের মূকাভিনয় শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে শিল্পমহলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *