পারফেক্ট টাইম নিউজ : উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের গাঁড়াপোতা-ভরতপুর এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের এক সদস্যের শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার পথে ঘটে যায় আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের আরও দুই সদস্য। একের পর এক মৃত্যুর এই নির্মম ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

ঘটনার খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়িতে পৌঁছান বাগদা বিধানসভার বিধায়িকা সোমা ঠাকুর। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান। বিধায়িকা সোমা ঠাকুর ঠাকুর শ্রী শ্রী হরি-গুরুচাঁদের শ্রীচরণে প্রার্থনা করে বলেন, এই অসহনীয় শোক সহ্য করার শক্তি যেন পরিবারকে প্রদান করা হয়।

পাশাপাশি তিনি প্রয়াতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল ও ভবিষ্যৎ সুস্থতার জন্য প্রার্থনা জানান।একই পরিবারের পরপর তিন সদস্যকে হারানোর এই মর্মান্তিক ঘটনা শুধু ভরতপুর নয়, সমগ্র বাগদা জুড়েই গভীর বেদনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।




















Leave a Reply