রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা রানাঘাট কলেজে

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : রাখির সুতোয় সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে সম্প্রীতি ও মানবিকতার বার্তা দিল রানাঘাট কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ছাত্রছাত্রীদের উদ্যোগে কলেজে আয়োজিত রাখি বন্ধন উৎসবের আবহে উঠে এল সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার কথা।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. শ্যামলী লাহিড়ী মুখোটি। সঙ্গে ছিল সংস্কৃত মন্ত্র পাঠ। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা ছাড়াও অধ্যাপক ড. সোমনাথ কর, অধ্যাপিকা কৃপা মুখোপাধ্যায় এবং আশীষ বিশ্বাস।

অনুষ্ঠানে ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও বিন্যাসে কলেজের ছাত্রছাত্রীরা পরিবেশন করেন ভাষ্য ও সঙ্গীতের কোলাজ ‘ফিরে ফিরে আসা বারবার’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক বিমান সাহা, কামাখ্যা প্রামাণিক, তপন দুর্লভ, অধ্যাপিকা যোগমায়া রায় এবং গ্রন্থাগারিক স্মৃতি দাস-সহ কলেজের অন্যান্য অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ছাত্রী লিজা বিশ্বাস।

রাখির বন্ধনে সম্প্রীতি ও সহমর্মিতার এই বার্তা রানাঘাট কলেজের উৎসবকে দিল এক উজ্জ্বল মানবিক মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *