নীরেশ ভৌমিক : জন্মমাসে বিপ্লবী ঋষি অরবিন্দ ঘোষ ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত ২৯ আগস্ট শুরু হয় গোবরডাঙার সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৮১তম মাসিক সাহিত্য সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, বাসুদেব মুখোপাধ্যায়, সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী ও সঞ্চালক টুলু সেন।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৈশাখী সাহা। এদিন শুরুতেই বর্ষীয়ান কবি সুনীল কৃষ্ণ মণ্ডল প্রণীত ‘সূর্যমুখী’ কাব্যগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

স্বাগত ভাষণে সেবা সমিতির সম্পাদক সংকৃতিপ্রেমী গোবিন্দলাল মজুমদার উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাহিত্য সভা সহ সমিতির বিভিন্ন সেবামূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সাহিত্যিক, নাট্যকার এবং দত্তপুকুর ‘কবিতীর্থ’ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদারকে পুষ্পস্তবক, উত্তরীয়, মেমেন্টো, মানপত্র সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

পুরস্কার সমূহ শ্রী হালদারের হাতে তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সমিতির সভাপতি হিমাশ্রী গোমস্তা, সম্পাদক গোবিন্দ বাবু ও প্রতিমা চক্রবর্তী। মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা দুলালী দাস।

এদিনের কবি সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিশিষ্ট কবি-সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠ করেন। সংগীত পরিবেশন করেন প্রবীর কুমার হালদার, অরূপ ঘোষ ও বিমল রঞ্জন সরকার।

প্রয়াণ দিবসে বিদ্রোহী কবি নজরুল স্মরণে গান গেয়ে শোনান বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইতি হালদার। শিশু শিল্পী ঋদ্ধিকা ভক্ত এর ছড়া ও ছোট্ট মৌমিতা সিকদার এর দেশাত্মবোধক নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সেবা সমিতির পক্ষ থেকে এদিন সংবর্ধনা প্রাপক কবি বরুণ হালদারের সহধর্মিণী ইতি দে ও পুত্র দেবরাজকেও নানা উপহারে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী মৃণাল কান্তি বিশ্বাসকে।

লেখক টুলু সেনের সঞ্চালনায় এবং বিশিষ্ট কবি-সাহিত্যিকগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এদিনের ৮১তম সাহিত্য সভা বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।






















Leave a Reply