সাহিত্যিক বিভূতিভূষণের জন্মদিনে তাঁর বসত বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন আইনজীবীগণের

নীরেশ ভৌমিক : গত ১২ সেপ্টেম্বর ‘পথের পাঁচালি’র স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর ভিটায় আসেন আইনজীবী সংগঠন ‘অখিল ভারতীয় আইনজীবী পরিষদ’ এর অন্তর্ভুক্ত ‘ন্যাশনালিস্ট ল’ইয়ার্স ফোরাম’ এর বনগাঁ মহকুমা আদালত শাখার সদস্য আইনজীবীগণ।

ফোরামের ৩৫ তম প্রতিষ্ঠা দিবসের পুণ্য দিনে ‘অখিল ভারতীয় আইনজীবী পরিষদ’ এর সদস্যগণ বনগাঁর গোপালনগর থানার শ্রীপল্লী ব্যারাকপুরে খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণের বসত ভিটায় উপস্থিত হয়ে সাহিত্যিকের জন্মদিন পালন করেন। উপস্থিত সকলে প্রবাদ প্রতিম সাহিত্যিকের প্রতিকৃতি ও মূর্তিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।

সেই সাথে বাড়ির প্রাঙ্গণে একটি মহুয়া গাছের চারা রোপন করেন। সকলেই সাহিত্যিকের বাড়ি ও গৃহের বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখেন এবং সেই সাথে বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রদূত বিভূতিভূষণকে শ্রদ্ধা জানান ও স্মরণ করেন। উপস্থিত বিশিষ্ট আইনজীবীগণ বিভূতিভূষণের অমর সাহিত্য ‘পথের পাঁচালি’ ছাড়াও ‘অপরাজিত’, ‘আরণ্যক’ ইত্যাদি সাহিত্য নিয়ে স্মৃতিচারণা করেন।

আইনজীবীগনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রখ্যাত সাহিত্যিক এর বসত বাড়িতে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *