সাইবার প্রতারণার ‘সিম-চক্রে’ বনগাঁয় গ্রেফতার বাগদার যুবক, উদ্ধার ২৫টি প্রি-অ্যাক্টিভেটেড সিম

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : সাইবার প্রতারণার কাজে ব্যবহারের জন্য SIM কার্ড সরবরাহ করার অভিযোগে বনগাঁয় এক POS (Point of Sale) এজেন্টকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মজনু মণ্ডল ওরফে সুজন (৪০)। তিনি বাগদা থানার বেয়াড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বনগাঁ সাইবার ক্রাইম থানায় নথিভুক্ত সাইবার অপরাধের তদন্তে নেমে SIM সরবরাহের একটি সূত্র পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই মজনু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ, তাঁর মাধ্যমে সরবরাহ করা SIM কার্ডের কয়েকটি পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা এবং আর্থিক জালিয়াতির কাজে ব্যবহার করা হয়েছে।

গ্রেফতার মজনু মণ্ডল ওরফে সুজন (৪০)

অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে ২৫টি pre-activated SIM card, দুটি মোবাইল ফোন এবং thumb impression collection device উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, SIM কার্ডগুলির একটি অংশ ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংগ্রহ করে পরে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।

পুলিশের দাবি, এই ঘটনায় আরও কয়েকজনের যোগ রয়েছে। তদন্তে এখনও পর্যন্ত আরও চারজনের নাম উঠে এসেছে, যদিও তাঁরা বর্তমানে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

তদন্তকারীরা NCRP-তে নথিভুক্ত সাইবার অপরাধের তথ্য বিশ্লেষণ করে SIM কার্ডগুলির ব্যবহার ও সরবরাহের গতিপথ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। ওই SIM কার্ডগুলি কোথায় এবং কী ধরনের প্রতারণায় ব্যবহৃত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় বনগাঁ সাইবার ক্রাইম থানায় BNS-এর 61(2), 316(2), 318(4), 336(2), 336(3), 338 এবং 340 ধারায় মামলা রুজু হয়েছে।

এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, ধৃত ব্যক্তির কাছ থেকে কতগুলি SIM কার্ড বিভিন্ন ব্যক্তির হাতে পৌঁছেছে, সেগুলি দেশের কোন কোন প্রান্তে সাইবার অপরাধে ব্যবহার হয়েছে এবং এই চক্রের সঙ্গে অন্য রাজ্যের সাইবার প্রতারকদের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খুঁজে বের করা।

সাইবার প্রতারণার বাড়বাড়ন্তের মধ্যে SIM কার্ডের অপব্যবহার নিয়ে এই ঘটনায় ফের একবার সতর্কবার্তা সামনে এল। সাধারণ মানুষের নথি বা পরিচয় ব্যবহার করে SIM কার্ড তোলা এবং তা অন্যের হাতে তুলে দেওয়ার মতো ঘটনাগুলির ক্ষেত্রেও তদন্তকারীরা বিশেষ নজর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *