চাঁদপাড়ায় শ্যামাপ্রসাদ চেতনা মঞ্চের স্বেচ্ছা রক্তদান শিবিরে— রক্ত দিলেন ১২৫ জন

নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে- মানুষকেই রক্ত দিতে হয়। তাই রক্তদান মহৎ দান, রক্তদান জীবনদান। এই আদর্শকে সামনে রেখে বিগত বছরের মতো এবারও এক স্বেচ্ছা-রক্তদান শিবিরের আয়োজন করে চাঁদপাড়ার শ্যামাপ্রসাদ মুখার্জী চেতনা মঞ্চের সদস্যগণ।

মঞ্চের অন্যতম কর্ণধার — বিশিষ্ট বিজেপি নেতা চন্দ্রকান্ত দাসের নেতৃত্বে গত ২০সেপ্টেম্বর চাঁদপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন প্রাঙ্গনে শুরুতেই ছোট-ছোট পড়ুয়াদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়েই এ দিনের আয়োজিত রক্তদান উৎসবের সূচনা হয়।

এদিন বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ ১২৫ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাগণের মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে আসেন রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া, হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল,গাইঘাটার বিডিও অখিলেশ সাহা,বনগাঁ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও শিক্ষক দীপেন্দু বিকাশ বৈরাগী, বাগদার বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস,তমাল বোস,অসিত মিত্র,সঞ্জীব দাস,শ্রাবন্তী দেবনাথ, ও বিশিষ্ট আইনজীবী সুজয় সাহা প্রমুখ।

দলনেতা চন্দ্রকান্ত দাস আগত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।চেতনা মঞ্চের সদস্যর উপস্থিত সকল বিশিষ্টজনকে উত্তরীয়,পুষ্প স্তবক ও গাছের চারা প্রদানে বরণ করে নেন।

নেতৃবৃন্দ সকলেই শ্যামাপ্রসাদ মুখার্জী চেতনা মঞ্চ তথা দলনেতা চন্দ্রকান্ত দাসের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষিকা জ্যোতি সাঁতরার আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের কচি-কাঁচা শিক্ষার্থীগণ একক ও সমবেত কন্ঠে আবৃত্তি ও কবিতা আলেখ্য পরিবেশন করে।

বিজেপি নেতৃত্ব শিক্ষক প্রশান্ত রায়, প্রবীণ নেতা অমর সাহা, অসীম বোস, তপন দাস,পার্থ আচার্য প্রমুখ নেতৃবৃন্দের আন্তরিক প্রয়াসে এদিনের রক্তদান উৎসব সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *