গোবরডাঙায় শিশুভবন রেনেসাঁস নার্সারি স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে – রবি ঠাকুরের ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ – সঙ্গীতের সাথে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে গত ২ অক্টোবর অপরাহ্নে আনুষ্ঠানিকভাবে শুরু হয় গোবরডাঙার ঐতিহ্যবাহী শিশুভবন রেনেসাঁস নার্সারি বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদ্‌যাপন উৎসব।

পয়লা অক্টোবর সকালে বর্ণাঢ্য প্রভাতফেরিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষাদরদি মানুষজনের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা দীপক কুমার দাঁ, বিশিষ্ট শিক্ষাব্রতী প্রকাশ পাল,

প্রাক্তন শিক্ষিকা অলকানন্দা দে,প্রতিষ্ঠানের সভাপতি ড. সুনীল কুমার বিশ্বাস,পৌরসভার চিকিৎসক ডা: এন. সি. কর, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাথ ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের ছাত্র দীপঙ্কর বণিক প্রমূখ।

বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক অবসর-প্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তী উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিক্ষিকাগন সকল বিশিষ্টজনেদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্টব্যক্তিরা তাঁদের বক্তব্যে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত গোবরডাঙার গর্ব এই প্রথম বেসরকারি বিদ্যালয়টির প্রতিষ্ঠা এবং এলাকায় শিক্ষার প্রসারে বিদ্যালয়টির অবদান তুলে ধরে আয়োজিত সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় সংস্কৃতিপ্রেমী মোহন চন্দ্রের মুন্সিয়ানা প্রশংসার দাবী রাখে।চার দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়াদের মনোজ্ঞ সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রয়েছে ম্যাজিক শো, পুতুল-নাচ এবং শিশু পুষ্টি ও শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা। রয়েছে গোবরডাঙার বিশিষ্ট নাট্যদলের নাটক ও সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান। শেষ দিনে রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নানা অনুষ্ঠান ও প্রতিদিন অপরাহ্ন থেকে অভিভাবক সহ এলাকার বহু শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *