নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা নাবিক নাট্যমের সুবর্ণ জয়ন্তী পদার্পণ উদযাপন ধুমধাম এর সাথে সম্পন্ন হল – অর্ধশতকের পথ চলায় এটি নাট্যচর্চার একটি গৌরবময় ইতিহাস। গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল গোবরডাঙ্গা নাবিক নাট্যম তাদের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে, গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়ার অন্নপূর্ণা প্যালেসে।

অনুষ্ঠানের সূচনাতেই দলের প্রতিষ্ঠাতাদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন দুইজন প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা এবং প্রদীপ কুমার সাহা, যাদের হাত ধরে নাবিক নাট্যমের এই পথযাত্রা শুরু হয়েছিল।

এই অনুষ্ঠানের সাক্ষী রইলেন পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস মহাশয়, গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান মাননীয় সুভাষ দত্ত মহাশয়, বিশিষ্ট সমাজসেবক বাসুদেব কুন্ড, পার্থ অধিকারী এবং বিশিষ্ট গবেষক মাননীয় পবিত্র মুখার্জি মহাশয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জলন এবং একটি সুসজ্জিত কেক কেটে। অতিথিবৃন্দ একে একে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্য চর্চার ইতিহাস নিয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক বন্ধু এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩৫টি দলের কলাকুশলী এবং শিল্পী বৃন্দ।

তারা প্রত্যেকে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন, নাচ, গান, আবৃত্তি, নাট্যাংশ পাঠ ইত্যাদি। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের একটি কোলাজ ( কথায় ও সুরে রবীন্দ্রনাথ ) যা দর্শকের মন জয় করে।

এছাড়াও ছিল তবলার লহরা, অর্পনের ভায়োলিন ইত্যাদি। প্রায় ৫ ঘন্টা ধরে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দলের প্রতিষ্ঠিত শিল্পীবৃন্দ।

সব মিলিয়ে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুধু একটি উদযাপনই নয়, বরং গোবরডাঙ্গা সংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে রইল । নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধন ঘটেছে এই অনুষ্ঠানে।

দর্শক মুগ্ধ হয়েছে। নাবিক নাট্যমের নাট্য পরিচালক জীবন অধিকারী সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সঞ্চালনা করেন। তিনি বলেন- “নাটক শুধু বিনোদন নয় সমাজের দর্পণ ” আমরা সেই দায়িত্বই বহন করে চলেছি।

আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে সুষ্ঠ সংস্কৃতির অঙ্গনে নিয়ে আসা। দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি জানান এই দীর্ঘ পথ চলায় নাবিক নাট্যম বহু শিল্পী গড়ে তুলেছে। শিল্পী এবং দর্শক মিলিয়ে প্রায় ৫০০জন মানুষ গোবরডাঙ্গা নাবিক নাট্যমের এই ইতিহাসের সাক্ষী রইলেন।


















Leave a Reply