নীরেশ ভৌমিক : গত ৩১ মে অপরাহ্নে গোবরডাঙার অদূরে গাইঘাটার মধুসূদনকাটি সমবায় সমিতির মুক্তমঞ্চে সভাপতি ও বর্ষীয়ান শিক্ষক কালিপদ সরকার কর্তৃক মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়

গ্রামেরই বাসিন্দা বিশিষ্ট কবি ও শিক্ষিকা কল্পনা পাল বিরচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ভোরের আলো’-র প্রকাশ অনুষ্ঠান। গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজকর্মী কালিপদ সরকার।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন— বিশিষ্ট কবি ও প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ, প্রবীণ বিজ্ঞান সেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ড. সুনীল বিশ্বাস, শিক্ষক সুভাষ রায়, সাহিত্যিক আজিজুর রহমান,

কবি কিশোর বিশ্বাস, সাহিত্য-সংস্কৃতি প্রেমী আলোরাণী সরকার, কাকলি রায়, কবি নবকুমার বিশ্বাস, ধীরাজ রায়, প্রবীর কুমার হালদার, বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দলাল মজুমদার প্রমুখ।

উপস্থিত সকলে বহুগুণের অধিকারিণী শিক্ষিকা ও বিশিষ্ট লেখিকা কল্পনা পাল প্রণীত পরিবেশ বান্ধব, ভিন্নধারার প্রকাশিত “ভোরের আলো” ছড়ার বইটির ভূয়সী প্রশংসা করেন।

প্রখ্যাত সংগীত শিল্পী সৌমী মুখার্জীর কণ্ঠে উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। কচি-কাঁচাদের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান ও বিশিষ্ট কবি ও গায়ক প্রবীর কুমার হালদারের সঙ্গীতানুষ্ঠান সমবেত সকলকে মুগ্ধ করে।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কবিবৃন্দ স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। বিশিষ্ট কবি ও লেখক বাসুদেব মুখোপাধ্যায়ের সুচারু সঞ্চালনায় এদিনের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।



















Leave a Reply