পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জিত সর্দারকে ঘিরে একাধিক অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে উঠল বাগদা বাজার। প্রধানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, অবৈধ নির্মাণ,

আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বুলডোজার দিয়ে সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার দাবিতে বিধায়িকা সোমা ঠাকুরের নেতৃত্বে বিজেপির উদ্যোগে একটি সুসংগঠিত বিক্ষোভ মিছিল বের হয়।বিজেপির অভিযোগ,

বাগদার হেরিসন রোডে কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি দখল করে সেখানে অবৈধ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, বাগদা কৃষাণ মান্ডির ২ নম্বর গেটের বাম পাশে কোটি কোটি টাকা মূল্যের একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে তা অধিক মুনাফায় বিক্রির অভিযোগও তোলা হয়।

এছাড়াও, আউলডাঙা হাই স্কুলের টিচার-ইন-চার্জ থাকাকালীন সময়ে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও সামনে আনা হয়েছে।বিজেপি নেতৃত্বের দাবি, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হওয়ার পর থেকেই প্রধান সঞ্জিত সর্দার পলাতক।

তাঁদের আরও অভিযোগ, প্রধানের অনুপস্থিতির কারণে পঞ্চায়েতের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, যার ফলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ এবং গোটা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বিধায়িকা সোমা ঠাকুরের নেতৃত্বে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে বাগদা বাজারে অবৈধ নির্মাণ ভাঙার দাবী তীব্র থেকে তীব্রতর হয় এবং প্রতিবাদে সরব হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা হেরিসন রোডের অবৈধ নির্মাণ এবং কৃষাণ মান্ডি সংলগ্ন মার্কেট অবিলম্বে প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার দাবি জানান। বিক্ষোভে ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বাগদা বাজার এলাকা।

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা সোমা ঠাকুর, বিজেপির বাগদা মণ্ডল-১ সভাপতি দিবাকর তরফদার, গণেশ বিশ্বাস, অভিজিৎ সরকার, আনন্দ অধিকারী, সন্তোষ বিশ্বাস-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক বিক্ষুব্ধ এলাকাবাসী।

উল্লেখ্য, প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে তাঁর বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলি আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলি অভিযোগ হিসেবেই বিবেচিত।




















Leave a Reply