পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : উত্তর ২৪ পরগণার বাগদা এলাকার মামা ভাগিনা বাপুজি বিদ্যাপিঠে এক পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে এবং পরবর্তীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পঞ্চম পিরিয়ড চলাকালীন ওই ছাত্রী শৌচাগারে গেলে স্কুল চত্বরে ঝালমুড়ি ও আচার বিক্রি করা এক ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনাটি বিদ্যালয়েরই একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রছাত্রী প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।

এরপর প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানান। অভিযোগ পাওয়ার পর শিক্ষকরা অভিযুক্ত ব্যক্তি, নির্যাতিত ছাত্রী এবং তার অভিভাবকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অভিযুক্ত ব্যক্তি নিজেকে ছাত্রীর ‘পড়শি দাদু’ বলে দাবি করলেও ছাত্রী ও তার পরিবারের সদস্যরা সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন এবং জানান, ওই ব্যক্তি তাদের সম্পূর্ণ অপরিচিত।

বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তকে ভবিষ্যতে স্কুল চত্বরের আশপাশে না আসার নির্দেশ দিয়ে সেখান থেকে বের করে দেন। তবে এরপরই উত্তেজিত একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অভিযুক্তের উপর চড়াও হয়। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে উঠলে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।






















Leave a Reply