পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক, নিউ দিল্লি : অবশেষে ২৬ দিনের অনশন প্রত্যাহার করলেন পরিবেশবিদ, শিক্ষাসংস্কারক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্র সরকারের পক্ষ থেকে লিখিতভাবে একাধিক আশ্বাস পাওয়ার পর শুক্রবার তিনি তাঁর অনশন ভাঙেন। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোনম ওয়াংচুক জানান, সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম ও সংস্কারের দাবিগুলি নিয়ে সংসদে আলোচনা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই আশ্বাসের ভিত্তিতেই তিনি অনশন শেষ করার সিদ্ধান্ত নেন।

গত ২৬ দিন ধরে চলা এই অনশন দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং ছাত্রদের ন্যায়বিচারের দাবিতে তিনি অনশনে বসেছিলেন। তাঁর আন্দোলনের প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুব ও নাগরিক সমাজের সমর্থনও দেখা যায়।

অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ওয়াংচুক বলেন, লিখিত আশ্বাস একটি ইতিবাচক পদক্ষেপ হলেও আন্দোলনের মূল উদ্দেশ্য এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রতিশ্রুতিগুলি দ্রুত কার্যকর করবে এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াংচুকের অনশন শেষ হওয়ায় আপাতত উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও আন্দোলনের মূল দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত বিষয়টি জাতীয় আলোচনার কেন্দ্রেই থাকবে।






















Leave a Reply