মা দিবসে নানা অনুষ্ঠান গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমে

নীরেশ ভৌমিক : বিগত বছরের ন্যায় এবারও মহাসমারোহে আন্তর্জাতিক মা দিবস উদযাপন করে গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ।

গত ১০ মে সকালে এক বর্ণময় শোভাযাত্রার মধ্য দিয়ে সমবেত মা ও তাদের সন্তানেরা যমুনা নদী থেকে ঘটে জল ভরে আশ্রমে আসেন।

ব্যান্ড পার্টির বাজনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।আশ্রমের অনাথ ও অসহায় আবাসিকগণের জন্মদাত্রী মা ও স্থানীয় জলেশ্বর গ্রামের আদিবাসী পাড়ার পড়ুয়াদের মায়েরা এদিন আয়োজিত মাতৃ পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মায়েদের আসনের নিচে বসে নিজ-নিজ মায়েদের পদযুগলি গঙ্গা জলে ধুয়ে নতুন গামছায় পা মুছিয়ে তা আলতায় রাঙিয়ে দেয় সন্তানেরা। মায়ের গলায় রজনীগন্ধার মালা পরিয়ে পুজো করে ছেলে-মেয়েরা।

পুজো শেষে মায়েদের মুখে ফল ও মিষ্টি তুলে দিয়ে প্রণাম করে সন্তানেরা। বাজনা ও শঙ্খধ্বনিতে মাতৃ বন্দনা বেশ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষিকা প্রতিমা দাস ও শুক্লা দাসের কন্ঠে কবিতা আবৃত্তি সকলের প্রশংসা লাভ করে।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সাংস্কৃতি প্রেমী কল্যাণ সাহা, সৌরভ দাস, কল্যাণী দেবনাথ, শিক্ষক শ্যামল বিশ্বাস, সাংবাদিক তপন মন্ডল প্রমুখ।

সেবাশ্রমের প্রাণপুরুষ অবসরপ্রাপ্ত শিক্ষক শঙ্করনাথ ও গৌতম দাস সকলকে স্বাগত জানান এবং সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্ট জননেতা তাঁদের বক্তব্যে মা দিবসে জন্মদাত্রী মায়েদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানকে স্বাগত জানান।

আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে শংকর নাথ ও সাথী নাথ এর কন্ঠে শ্রুতি নাটক ‘কর্ণ কুন্তী সংবাদ’ ও দীপ্ত দাসের ‘রেইনবো ব্যান্ডের’ সংগীতানুষ্ঠান এদিনের মাতৃ বন্দনার অনুষ্ঠানকে বেশ প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *