রথ যাত্রায় ভক্তির রঙে সেজে উঠল কলকাতার নগেন্দ্র মঠ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রথের দড়িতে হাত রাখার সঙ্গে সঙ্গেই যেন মিলেমিশে এক হয়ে গেল ভক্তি, বিশ্বাস ও প্রাচীন ঐতিহ্যে।

কলকাতার রামমোহন রায় রোডে অবস্থিত নগেন্দ্র মঠে গতকাল চিরন্তন ভক্তির পরিবেশেই পালিত হলো পবিত্র রথযাত্রা উৎসব। ত্রিকালজ্ঞ মহাযোগী ভাদুড়ী মহাশয়ের শেষ জীবনের সাধনভূমি হিসেবে পরিচিত এই মঠে সকাল থেকেই ছিল ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা।

গতকাল রাত্রে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ সুসজ্জিত রথে মঠে আগমন করতেই শুরু হয় বিশেষ পুজো-অর্চনা। শঙ্খধ্বনি, ভজন ও নামসংকীর্তনের মধ্য দিয়ে তৈরি হয় এক ভক্তিময় পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত ভক্তদের মধ্যে ছিল উৎসবের আনন্দ ও মিলনের আবেগ।

এদিনের রথযাত্রায় বিশেষভাবে নজর কাড়ে শিশুদের অংশগ্রহণ। ছোট ছোট রঙিন রথ সাজিয়ে বহু খুদে ভক্ত মঠে হাজির হয়। তাদের উৎসাহ ও উচ্ছ্বাসে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই পর্বের সামগ্রিক পরিচালনায় ছিলেন নগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস এবং নগেন্দ্র মিশনের কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য।

নগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর এই রথযাত্রার আয়োজন প্রসঙ্গে বলেন, “প্রতিবছরের মতো এবারও অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আমাদের মঠে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। মঠ ও মিশনের পক্ষ থেকে সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথযাত্রা সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ।”

ত্রিকালজ্ঞ মহাযোগী ভাদুড়ী মহাশয়ের প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাদুড়ী মহাশয় ভক্তদের কাছে জগন্নাথস্বরূপ। তাঁর শেষ জীবনের সাধনভূমিতে রথযাত্রা পালন তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর রেখে যাওয়া ঐতিহ্য, উত্তরাধিকার ও আধ্যাত্মিক পরম্পরাকে বজায় রেখেই এই উৎসব পালন করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *