নীরেশ ভৌমিক : গত ২৫শে মে সন্ধ্যায় গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মহাসমারোহে অনুষ্ঠিত হল গোবরডাঙা শিল্পায়ন নাট্যবিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রশংসাপত্র প্রদান অনুষ্ঠান। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বর্ষীয়ান সংগীত শিল্পী শ্যামা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাট্য বিদ্যালয়ের মেন্টর ও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ দীপঙ্কর মল্লিক ও সংস্কার ভারতীর জেলা কমিটির সভানেত্রী শাশ্বতী নাথ।

বিশিষ্ট ব্যক্তিদ্বয় সুস্থ সংস্কৃতি ও নাট্যচর্চার প্রসারে গোবরডাঙা শিল্পায়ন এর প্রয়াসকে সাধুবাদ জানান এবং ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতাকে এগিয়ে নিয়ে ‘ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে’ কবির এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বর্ষীয়ান নাট্য নির্দেশক প্রদীপ রায় চৌধুরী, বরুন কর, জীবন অধিকারি ,নৃত্যশিল্পী জয়ন্ত বিশ্বাস, সংগীতজ্ঞ মিহিরলাল চক্রবর্তী, সংস্কৃতিপ্রেমী পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গ শিক্ষার্থীদের হাতে সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রশংসাপত্র ও মেডেল তুলে দিয়ে শুভেচ্ছা জানান।প্রখ্যাত নৃত্য শিক্ষক জয়ন্ত বিশ্বাসের পরিচালনায় ‘শিব-নামাবলী’ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা হয়।

কবিতা আবৃত্তি করে শোনান সংস্কৃতি প্রেমী জবা কুণ্ডু ও সুতপেশ চক্রবর্তী। শিক্ষামূলক মূকাভিনয় পরিবেশন করেন বর্ষীয়ান মূকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তী। ছিল সায়ন্তিকা ও গোবরডাঙা পরম্পরার শিল্পীদের সংগীতানুষ্ঠান।

কবিগুরু বিরচিত রক্তকরবীর শতবর্ষে শিল্পায়নের প্রাণপুরুষ আশিস চ্যাটার্জী ও বিশিষ্ট নাট্যাভিনেত্রী আনিশা রায় পরিবেশিত শ্রুতি নাটক সমবেত সকলর প্রশংসা লাভ করে।

নানা অনুষ্ঠানে ও বহুমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শিল্পায়ন আয়োজিত এদিনের সংস্কৃতি সন্ধ্যা বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।



















Leave a Reply