নীরেশ ভৌমিক : গত ১৮ জুলাই বৃহত্তর চাঁদপাড়া এলাকার মতুয়া ভক্তবৃন্দের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হয় মতুয়া সম্মেলন এবং সেই সঙ্গে ছিল মন্ত্রী ও বিধায়কগণের সম্বর্ধনা অনুষ্ঠান।

চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ শিবাজী সঙ্ঘ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে সাধু, পাগল ও দলপতি সহ মতুয়া ভক্তরা সমবেত হতে শুরু করেন।

মঞ্চের পাশে অস্থায়ী সুসজ্জিত মণ্ডপে ঠাকুর হরিচাঁদ ও শান্তিলতা দেবীর মূর্তিতে ফুলে-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান আগত সকলে। ফেস্টুন, নিশান সহ মতুয়া ভক্তদের উল্লাস-কাঁসর,ঘন্টা ও ডঙ্কার বাজনায় সম্মেলন স্থল মুখরিত হয়ে উঠে।

সংগঠনের অন্যতম নেতৃত্ব ডাঃ এস, এন, গাইন ও বিপদভঞ্জন বিশ্বাস আগত সকল মতুয়া দলপতি ও ভক্তবৃন্দকে স্বাগত জানান। অনুষ্ঠান অঙ্গনের বিশাল জমায়েতে মতুয়াদলপতি-গণ বক্তব্য রাখেন,

সেই সাথে দেশে-বিদেশে সর্বত্রই মতুয়া-সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান। উদ্যোক্তারা উপস্থিত সকল বিশিষ্টজনদের উত্তরীয়, ফুলের মালা ও পুষ্পস্তবকে বরণ করে নেন।

মধ্যাহ্নে সম্মেলন অঙ্গনে আসেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিনঘাটার বিধায়ক জাতীয়-পুরস্কার প্রাপ্ত কবিয়াল অসীম সরকার

এবং বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী মতুয়াভক্ত অশোক কীর্তনীয়া। উদ্যোক্তারা আগত বিশিষ্ট অতিথি-গণকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক সহ নানা উপহারে বরণ করেন ও শ্রদ্ধা জানান।

বিশিষ্ট মন্ত্রী ও বিধায়কগণ মতুয়া-সম্প্রদায়ের সার্বিক কল্যাণে সর্বদাই পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মঞ্চ থেকে মতুয়া সঙ্গীতশিল্পীগন মতুয়া ভক্ত অশোক বাবুকে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন।

সুসজ্জিত মঞ্চে বনগাঁর বৈশালী ড্যান্স গ্রুপের শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও চাঁদপাড়ার দেবীপুরের স্কুলছাত্রী অতিন্দ্রিয়া বিশ্বাসের যোগা নৃত্য সমবেত সকলের উচ্ছসিত প্রশংসা লাভ করে।

ঘোষিত মন্ত্রী-বিধায়কগণের অনেকেই না এলেও দলপতি ও অগণিত মতুয়া ভক্ত সমাগমে এদিনের মতুয়া সম্মেলন এলাকায় বেশ সাড়া ফেলে।




















Leave a Reply