নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও চাঁদপাড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুরবাণী থিয়েটার ও সুরবাণী নিকেতন এর সদস্যগন রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন।

গত ১৯ মে চাঁদপাড়া বাজার বাসস্ট্যান্ড চত্বরের সুসজ্জিত অস্থায়ী অনুষ্ঠান অঙ্গনে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পন ও প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা হয়।

সমবেত কন্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্যাগন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইঘাটা থানার আই-সি শুভাশিস দত্ত, সংস্কৃতিপ্রেমী বিনয় দাস, অশোক সাহা, সুভাষ চক্রবর্তী প্রমুখ।

সকলেই রবীন্দ্র বন্দনা এবং সেইসঙ্গে সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে সুরবাণীর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।সুরবাণীর সংগীত শিক্ষিকা অনিন্দিতা সাহার পরিচালনায় সংস্থার শিক্ষার্থীগন সমবেত ও একক সংগীতানুষ্ঠানে অংশ নেয়।

গোবরডাঙ্গা শিল্পায়ন এর কর্ণধার ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায় ও তানিশা রায় পরিবেশিত শ্রুতি নাটক রবি ঠাকুরের ‘রক্তকরবী’ সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর উচ্ছসিত প্রশংসা লাভ করে।

স্থানীয় অঙ্গহার ড্যান্স একাডেমীর নৃত্যশিল্পীদের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান, রবীন্দ্রকবিতা আবৃত্তি ও গীতি আলেখ্য শেষে মঞ্চস্থ হয় সুরবাণী থিয়েটার প্রযোজিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব

তনয় সাহা নির্দেশিত কবিগুরুর ছোট গল্প অবলম্বনে সামাজিক নাটক ‘মাল্যদান’। নাটকটি উপস্থিত দর্শক সাধারণের হৃদয়কে স্পর্শ করে।

পরিশেষে সুরবাণীর সকল সদস্যগনের সমবেত কন্ঠের সমাপ্তি সংগীতের মধ্য দিয়ে সুরবাণী আয়োজিত এদিনের কবি প্রণাম অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সংস্কৃতি অনুরাগী অসীম মজুমদারের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।


















Leave a Reply