পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের আবেগে উৎসবমুখর হয়ে উঠল বাগদা বাজার। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে বিজেপির বাগদা মণ্ডল-১-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রা।

জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের বাগদা মণ্ডল-১-এর সভাপতি দিবাকর মণ্ডল। বিকেলে বাগদার নোনচাপোঁতা মোড় থেকে শুরু হয় এই তেরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল এগিয়ে যায় বাগদা হাইস্কুলের দিকে।

পরে বাগদা বাজার পরিক্রমা করে মিছিলটি এসে শেষ হয় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে। মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। দেশাত্মবোধক আবেগে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।তবে এই কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ‘হর ঘর তেরঙ্গা’-র বার্তাকে বাস্তব অর্থে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ।

মিছিল চলাকালীন বিকেল থেকে রাত পর্যন্ত দলের নেতা-কর্মীরা বাগদা বাজারের বিভিন্ন দোকানদার এবং স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেন জাতীয় পতাকা। ফলে পথ চলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী—বিভিন্ন শ্রেণির মানুষের হাতে হাতে দেখা যায় ভারতের তেরঙ্গা।আয়োজকদের বক্তব্য, স্বাধীনতার ৭৯ বছর পূর্তির প্রাক্কালে জাতীয় পতাকা শুধু একটি প্রতীক নয়—এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মত্যাগ এবং কোটি কোটি ভারতবাসীর গর্বের প্রতিচ্ছবি।

সেই আবেগকে সাধারণ মানুষের মধ্যে আরও সুদৃঢ় করতেই এই কর্মসূচি।তেরঙ্গা যাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বিজেপি-মনস্ক বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি মিছিলের ব্যাপ্তি ও আবেগকে আরও সমৃদ্ধ করে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগদা মণ্ডল-১-এর সভাপতি দিবাকর তরফদার, গণেশ বিশ্বাস, অভিজিৎ সরকার, আনন্দ অধিকারী, কল্যাণ বসাক, দিলীপ ঘোষ, দীপিকা মণ্ডল-সহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থক।

জাতীয় পতাকা হাতে বাগদার রাজপথে এই তেরঙ্গা যাত্রা কার্যত স্বাধীনতার আবেগকেই সামনে এনে দেয়। রাজনৈতিক কর্মসূচির গণ্ডি ছাড়িয়ে দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ বাগদা বাজারে তৈরি করে এক ভিন্ন আবহ।













Leave a Reply