রানাঘাটে কথায়-গানে স্মরণ নজরুলকে

নিজস্ব সংবাদদাতা, রানাঘাট, ২৯ আগস্ট: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার রানাঘাটের রবীন্দ্র সার্ধশতবর্ষ মঞ্চে অনুষ্ঠিত হল ‘কথায় ও গানে নজরুল স্মরণ’। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উদ্যোগে এবং রানাঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের পর মহুয়া ভট্টাচার্যের উদ্বোধনী সংগীত দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সংগীত পরিবেশন করেন কাবেরী বিশ্বাস, কমলিকা চক্রবর্তী, পাপিয়া চক্রবর্তী, কেয়া সান্যাল ও রানু দাস। আবৃত্তি ও কবিতা পাঠ করেন পার্থ কর, মৌসুমী প্রামাণিক ও সুপ্রিয়া ঘোষ।

‘সেঁজুতি কালচারাল অর্গানাইজেশন’-এর পরিবেশনায় অংশ নেয় শিশু শিল্পীরা। ‘আমরা পদাতিক’-এর পরিবেশনায় উপস্থাপিত হয় নজরুলের কবিতা ও ভাষ্যের কোলাজ ‘কাজী নজরুল: এক অনিঃশেষ আগুন’। এই উপস্থাপনায় কণ্ঠে ছিলেন ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় ও শম্পা মিস্ত্রি। এর ভাবনা, পরিকল্পনা ও বিন্যাসে ছিলেন ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়। সংগীত-আবৃত্তির কোলাজ পরিবেশন করেন শুভম দত্ত ও পৃথা দেবনাথ।

অনুষ্ঠান শেষে শিল্পী ও সংস্থাগুলিকে শংসাপত্র প্রদান করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী। সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ইন্দ্রাণী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *