পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মরণে ওঁনার জন্ম দিন থেকে দেশজুড়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এই কর্মসূচিরই অংশ হিসেবে মামাভাগিনা বাপুজী বিদ্যাপীঠে সাড়ম্বরে অনুষ্ঠিত হল ‘নমো সেবা গাথা’।বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সেবা, স্বচ্ছতা, পরিবেশ সচেতনতা, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক চেতনার এক সুন্দর সমন্বয় দেখা যায় গোটা কর্মসূচিতে।অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা যৌথভাবে বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালান।
পরিবেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন পরিবেশবান্ধব গাছের চারাও রোপণ করা হয়।
এরপর বিদ্যালয়ের সেমিনার কক্ষে শুরু হয় মূল অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন অনুষ্ঠানের আয়োজক শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক-শিক্ষিকাদের সুমধুর কণ্ঠে পরিবেশিত দেশাত্মবোধক সংগীতের আবহে ধূপ-দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ধূপ-দীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে যৌথভাবে উপস্থিত ছিলেন বিজেপির বাগদা মণ্ডল-১-এর সভাপতি দিবাকর তরফদার, মণ্ডল-১-এর প্রোগ্রাম ইনচার্জ গণেশ বিশ্বাস, সম্পাদক দিলীপ ঘোষ ও সন্তোষ বিশ্বাস, বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ প্রদীপ কুমার ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত ভাষণ দেওয়া হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, নাট্য পরিবেশনা-সহ নানা সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আবহ আরও গম্ভীর ও দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণপদ ঘোষ, বিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষিকা, জগদীশ বিশ্বাস, পরিমল মজুমদার, বাসুদেব বিশ্বাস, সাধন খাঁ, নিখিল বিশ্বাস এবং
সাংবাদিক উত্তম কুমার সাহা-সহ অন্যান্যরা। তবে এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, কবি, লেখক, নাট্যকার ও শিল্পী-সাহিত্যিক কৃষ্ণপদ ঘোষের রচিত শ্রুতি নাটক ‘স্বপ্নের ফেরিওয়ালা’।
তাঁর রচনায় পরিবেশিত এই শ্রুতি নাটক উপস্থিত দর্শক-শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে এবং প্রশংসা কুড়িয়ে নেয়।সব মিলিয়ে, মামাভাগিনা বাপুজী বিদ্যাপীঠে বিকশিত ভারতের ‘নমো সেবা গাথা’ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকেনি;
স্বচ্ছতা, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক চেতনা, দেশাত্মবোধ এবং সামাজিক দায়বদ্ধতার এক সম্মিলিত বার্তা হয়ে উঠেছিল এদিনের অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে ফুটে ওঠে সেবা ও সচেতনতার এক ইতিবাচক চিত্র।






















Leave a Reply