নীরেশ ভৌমিক : ‘জীব বৈচিত্র্য সুরক্ষা বার্তা পত্রিকা’ আয়োজিত পরিবেশ সুরক্ষার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গবেষনা পরিষদ এর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সভাগৃহে।
২০ সেপ্টেম্বর এই আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন এলাকার পরিবেশ সংগঠন, উন্নয়ন কর্মী, পরিবেশ কর্মী, সাংবাদিক এবং ছাত্র ছাত্রী রাও উপস্থিত ছিলেন।

কঙ্কণা জলাভূমির মাছ ও কঙ্কণা জলাভূমির জীব বৈচিত্র্য নিয়ে উপস্তিত সকলের কাছে সুন্দর ভাবে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন পরিবেশ কর্মী হীরক প্রামাণিক। তিনি বলেন গত ১০ বছরের এলাকার পাখি, প্রজাপতি, ফড়িং ও অন্যান্য পোকা মাকড় এর ছবি তিনি ও তাঁর বন্ধু স্বপন দেবনাথ সংরক্ষণ করেছেন।

পাখি বিশেষজ্ঞ ডক্টর কনাদ ভট্টাচার্য উত্তর বঙ্গ ও দক্ষিন বঙ্গের নানা পাখির সাথে পরিচয় করান। দেখান কোন পাখি কি ধরনের বাসা তৈরী করে। রঙ বেরঙের পাখির ডিম ইত্যাদি।
হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সম্পাদক আব্দুল অলিল হাবড়া – অশোকনগর এলাকায় পরিবেশ নিয়ে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। প্রস্তাব রাখেন এলাকার বিভিন্ন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাজে যুক্ত করার।

তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষে জয়দেব সমদ্দার বলেন পরিবেশ বিনষ্টকারী দের বিরূদ্ধে এলাকার মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে পরিবেশ বাঁচানো যাবে না। বনবিভাগের আইনের সাহায্য নিতে হবে।
এই সভায় দীপক কুমার দাঁ র সম্পাদনায় “ধনধান্য জীবন সুধা, ধানই মোদের প্রাণ- ভরসা” বইটি প্রকাশ করেন ড: পরিতোষ ভট্টাচার্য, প্রাক্তন কৃষি অধিকর্তা, ভারত সরকার। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশী ধানের বীজ সংরক্ষণের কথা বলেন।

সাংবাদিক সঞ্জয় মুখার্জী, বিজ্ঞান লেখক তপন গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা এই সভায় বক্তব্য রাখেন।
সঞ্চালক ছিলেন “জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক,পরিবেশবিদ দীপক কুমার দাঁ।






















Leave a Reply