‘গ্রামের স্বাস্থ্য গ্রামের অধিকার’—বাগদায় পল্লী চিকিৎসকদের মিছিল—নিরাপত্তা, সম্মানজনক ভাতা, নিয়মিত বেতন ও প্রশিক্ষণের দাবিতে সরব বাগদার ১৫৯ জন পল্লী চিকিৎসক

তারক বিশ্বাস : ‘গ্রামের স্বাস্থ্য, গ্রামের অধিকার’—এই শ্লোগানকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে সরব হলেন বাগদা ব্লকের পল্লী চিকিৎসকরা। পল্লী চিকিৎসকদের নিরাপত্তা, সম্মানজনক ভাতা, নিয়মিত বেতন, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো ও সরঞ্জাম এবং পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা-সহ গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবিতে হেলেঞ্চা বাজারে মিছিলের আয়োজন করে বাগদার পল্লী চিকিৎসক সংযুক্ত সংগ্রাম কমিটি।

উক্ত দাবী-দাওয়াকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে বাগদা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে আসা মোট ১৫৯ জন পল্লী চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। মিছিলের মধ্য দিয়ে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত এই চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া জনসমক্ষে তুলে ধরা হয়।সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বহু ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রথম চিকিৎসার জন্য তাঁদের কাছেই পৌঁছান। অথচ দীর্ঘদিন ধরে তাঁদের পেশাগত নিরাপত্তা, আর্থিক স্থায়িত্ব এবং প্রশিক্ষণ সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে বলে অভিযোগ।এদিনের কর্মসূচি থেকে পল্লী চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্মানজনক ভাতা ও নিয়মিত বেতনের ব্যবস্থা করা, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও পরিকাঠামো নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি তোলা হয়।

পাশাপাশি পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত ও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।আয়োজকদের বক্তব্য, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা আরও সুদৃঢ় করতে হলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সমস্যাগুলির প্রতিও প্রশাসনের সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তাঁদের দাবি, পল্লী চিকিৎসকদের কাজের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাও আরও কার্যকর ও সুসংগঠিত হবে।

‘গ্রামের স্বাস্থ্য, গ্রামের অধিকার’—এই বার্তাকে সামনে রেখে এদিনের মিছিল কার্যত গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও পল্লী চিকিৎসকদের ন্যায্য অধিকারের দাবিতে একটি সম্মিলিত আওয়াজ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *