নীরেশ ভৌমিক : ১০ অক্টোবর চাঁদপাড়ার দীঘাগ্রামের নব প্রতিষ্ঠিত জয়শ্রী অ্যানিমেশন এন্ড অ্যাপ্লায়েড আর্ট কলেজে সাড়ম্বরে অনুষ্ঠিত হল আগমনী উৎসব। মহালয়ার পুণ্যদিনে আয়োজিত উৎসবে সকাল থেকেই শিক্ষার্থীগণ সমবেত হন। উৎসব অঙ্গনে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অনুরাগী প্রভাষ বিশ্বাস, সোমনাথ সরকার, শিক্ষক প্রশান্ত রায়, প্রহ্লাদ প্রামাণিক, শ্যামল বিশ্বাস, গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট সমাজকর্মী শম্ভু মণ্ডল ছিলেন, রায়গঞ্জ বি.এড কলেজের অধ্যক্ষ ডঃ চৈতন্য মণ্ডল প্রমুখ।

প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শুভজিৎ ও তাঁর পিতা কার্তিক বাবু আগত সকলকে স্বাগত জানান। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে এই আর্ট কলেজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করেন। প্রতিষ্ঠানের কক্ষে শিক্ষার্থীদের অংকন প্রদর্শনী সকলের নজর কাড়ে।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৃত্যানুষ্ঠান, পৌষালী শর্মার নৃত্য, কোয়েল বিশ্বাস এবং মৌসুমী হালদারের আগামনী সঙ্গীতের অনুষ্ঠান, ও স্বাগত বালার নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলে প্রশংসা লাভ করে। সবশেষে পরিবেশিত হয় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ প্রযোজিত নাটক ‘আলোর বেনু’।

নাচে, গানে ও অভিনয়ে নাটকটি সকলের মনোরঞ্জন করে। নানা অনুষ্ঠান এবং শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং এলাকার শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণেই জয়শ্রী আর্ট কলেজে আয়োজিত এদিনের ‘আগমনী উৎসব’ বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।




















Leave a Reply