দুর্গোৎসবের আবহে সনাতন ধর্মের প্রচার, কলকাতায় নগেন্দ্র মঠের গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র

পারফেক্ট টাইম নিউজ, কলকাতা : দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশকে সঙ্গী করে সনাতন ধর্মের আদর্শ ও পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ, অর্থাৎ ভাদুড়ি মহাশয়ের আধ্যাত্মিক ভাবধারা মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল কলকাতার সনাতন ধর্ম প্রচারিণী সভা, শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন। এই উদ্দেশ্যে কলকাতার রামমোহন রায় রোডে মঠের সামনেই গড়ে তোলা হয়েছে গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। গ্রন্থের মাধ্যমে মহর্ষিদেবের জীবন, সাধনা ও উপদেশের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই গ্রন্থসম্ভারের অন্যতম আকর্ষণ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ, অর্থাৎ ভাদুড়ি মহাশয়ের উপদেশ সংকলন ‘শ্রী শ্রী নগেন্দ্র উপদেশামৃত’। পাশাপাশি রয়েছে তাঁর মহাজীবন, বাণী ও জীবনদর্শন নিয়ে রচিত বিভিন্ন বাংলা গ্রন্থের পাশাপাশি ইংরেজি ও হিন্দি গ্রন্থ। এই গ্রন্থগুলির মাধ্যমে তাঁর আধ্যাত্মিক উপলব্ধি, জীবনাদর্শ এবং সনাতন ধর্মের ভাবধারাকে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

এই উদ্যোগের প্রধান উদ্যোক্তারা হলেন শ্রী শ্রী নগেন্দ্র মঠের সভাপতি রাধেশ্যাম দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ বোস এবং নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল, কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য।

শ্রী শ্রী নগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর এ প্রসঙ্গে জানান, সনাতন ধর্মের আদর্শ প্রচার এবং মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলতে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ, অর্থাৎ ভাদুড়ি মহাশয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, সেই আদর্শকে সামনে রেখেই এই আয়োজন। মহর্ষিদেবের জীবন, বাণী ও উপদেশের সঙ্গে আরও বেশি মানুষের পরিচয় ঘটানো এবং তাঁর আদর্শকে বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অন্যদিকে, ভাদুড়ি মহাশয়ের প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, পরমহংস যোগানন্দ তাঁর বিখ্যাত গ্রন্থ ‘অটোবায়োগ্রাফি অব আ যোগী’-র সপ্তম অধ্যায়ে ভাদুড়ি মহাশয়কে পরম শ্রদ্ধায় ‘দ্য লেভিটেটিং সেইন্ট’ নামে উল্লেখ করেছেন। তাঁর মতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যিনি সারা ভারতে সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করেছিলেন — সেই মহর্ষিদেবের মহাজীবন, সাধনা ও আধ্যাত্মিক উপলব্ধির এই পরিচয় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সনাতন ধর্মের আদর্শকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই কারণেই এই আয়োজন।

দুর্গোৎসবের আনন্দের পাশাপাশি পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ, অর্থাৎ ভাদুড়ি মহাশয়ের জীবনদর্শন, সাধনা ও বাণী আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রয়াস সনাতন ধর্মের আদর্শ প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলে উদ্যোক্তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *