গোবরডাঙ্গা পৌর টাউন হলে সাড়ম্বরে শুরু হল ৩৮ তম শিল্পাঞ্জলি উৎসব


নীরেশ ভৌমিক : গত ২১ মার্চ সন্ধ্যায় গোবরডাঙ্গা পৌর টাউন হলে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত ৩৮ তম শিল্পাঞ্জলি উৎসবের শুভ সূচনা করেন সংস্কার ভারতীর কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা নীলাঞ্জনা রায়, ছিলেন বর্ষীয়ান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী কালিপদ সরকার ও প্রখ্যাত নৃত্য শিল্পী রূপা রানী দাস

এবং গোবরডাঙ্গার সংস্কৃতিপ্রেমী পৌর প্রধান শংকর দত্ত। আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার সোমা মজুমদার আগত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত জানান এবং উত্তরীয়, চন্দন তিলক ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে সুদীর্ঘ ৩৮ বছর যাবৎ সুস্থ-সংস্কৃতির চর্চা এবং সেই সঙ্গে বাংলার প্রাচীন সংস্কৃতি পুতুল নাচের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। এদিন মঞ্চ থেকে ৩৮ তম শিল্পাঞ্জলি উৎসবের স্মারক পত্রিকা প্রকাশ করেন বিশিষ্টজনেরা।

এদিন শুরুতেই শিল্পাঞ্জলির নৃত্যবিভাগের পরিবেশনায় দেশাত্মবোধক ‘বন্দেমাতরম’ সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান এবং বিশিষ্ট সংগীত শিল্পী কণিকা দাসের কন্ঠের স্তোত্র পাঠ ও দেশাত্মবোধক সংগীত উপস্থিত সকলকে মুগ্ধ করে।

এছাড়া শিল্পাঞ্জলি পরিবেশিত পুতুল নাট্য ‘বাজিকর’ এবং ভারত নাট্যম ও কত্থক নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শকমন্ডলীর প্রশংসা লাভ করে। সবশেষে মঞ্চস্থ হয়, নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল খাঁটুরা চিত্তপট প্রযোজিত বাস্তব ভিত্তিক নাটক ‘উল্টোডাঙ্গায় সোজা’।

সংস্থার প্রাণপুরুষ শঙ্খব্রত বিশ্বাস জানান, আগামী ২৬ মার্চ শিল্পাঞ্জলি প্রাঙ্গনে উৎসবের দ্বিতীয় পর্ব এবং ২৮ মার্চ স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারে উৎসবের অন্তিমপর্ব অনুষ্ঠিত হবে।

শিল্পাঞ্জলির এই উৎসবকে ঘিরে গোবরডাঙ্গার সংস্কৃতি ও নাট্যপ্রেমী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সংস্থার সদস্যা ও অভিভাবক মন্ডলীর উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *