নীরেশ ভৌমিক : জন্ম মাসে প্রখ্যাত কবি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ও বিশিষ্ট ছড়াকার এবং প্রথিতযশা সাংবাদিক শরৎচন্দ্র পণ্ডিত এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে শুরু হয় গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৭৭ তম মাসিক সাহিত্য সভা।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৈশাখী সাহা।এদিনের সাহিত্য সভায় পৌরহিত্য করেন বর্ষিয়ান কবি প্রবীর হালদার ছিলেন সাংবাদিক সরোজ চক্রবর্তী। স্বাগত ভাষণে সমিতির সাহিত্য সংস্কৃতিপ্রেমী সম্পাদক গোবিন্দলাল মজুমদার

সমবেত সকলকে স্বাগত জানিয়ে সমিতির বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি ও নানা পরিকল্পনার কথা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে বিগত মাসে অনুষ্ঠিত চার লাইনের ছড়া ও কবিতা প্রতিযোগিতার ফল ঘোষণা করেন।

প্রতিযোগিতায় প্রথম সুরঞ্জন টিকাদার দ্বিতীয় ধন্তু বিশ্বাস এবং তৃতীয় স্থানাধিকারী শিউলি হালদার ও নবকুমার বিশ্বাসকে স্মারক উপহার ও শংসাপত্র প্রদান করা হয়।

এদিনের সাহিত্য সভায় গুণীজন সংবর্ধনায় বিশিষ্ট কবি অরূপ ঘোষকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা, সম্পাদক গোবিন্দ বাবু এবং সেবার অন্যতম কর্মী প্রতিমা চক্রবর্তী। মানপত্র পাঠ করেন শ্রেয়া দেবনাথ।

অরূপ বাবু তাঁর বক্তব্যে সাহিত্য সংস্কৃতির চর্চায় সেবা সমিতির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তব্য শেষে অরূপ বাবুর উদাত্ত কণ্ঠে গাওয়া মধুর সংগীত উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

এদিনের কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করে শোনান। ছোট্ট সৃজিতা বৈরাগীর কন্ঠে কবিতা আবৃত্তি,

শিশু শিল্পী স্বস্তিকা বণিকের অনুগল্প পাঠ, সাধনা মজুমদারের কবিতা আবৃত্তি এবং মাউথ অর্গানে সুরজিৎ বৈরাগীর বাশির সুর সমবেত সকলকে মুগ্ধ করে।

এছাড়া প্রবীর কুমার হালদার ও সমীর চ্যাটার্জীর কন্ঠের গান উপস্থিত সকলের হৃদয়ে ছুঁয়ে যায়। প্রবীণ সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়ের সঞ্চালনায় এদিনের সাহিত্য সভা ও কবি সম্মেলন বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

















Leave a Reply