নীরেশ ভৌমিক : জন্মমাসে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে গত ৩০ মে মহাসমারোহে শুরু হয় গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৭৮ তম মাসিক সাহিত্য সভা।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমী মুখোপাধ্যায়। সাহিত্য সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক কল্পণা ঘোষ দস্তিদার, ছিলেন প্রবীন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও বর্ষীয়ান শিক্ষক ও সমাজসেবী কালিপদ সরকার প্রমুখ।

এদিনের সাহিত্য সভায় প্রখ্যাত কবি মিঠু চক্রবর্তী প্রণীত প্রথম কাব্যগ্রন্থ ‘লাল পলাশের ডাকে’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার।

উপস্থিত ছিলেন, সেবা সমিতির প্রাণপুরুষ গোবিন্দলাল মজুমদার, সভাপতি হিমাদ্রী গোমস্তা, সাহিত্যিক বাসুদেব মুখোপাধ্যায়, সাহিত্য-সংস্কৃতি প্রেমী বিপ্লব চক্রবর্তী, রীনা চক্রবর্তী, উজ্জ্বল সেনগুপ্ত প্রমুখ। প্রকাশিত গ্রন্থটির উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী প্রবীর কুমার হালদার,ঋতুপর্ণ বিশ্বাস ও বাসুদেব মুখোপাধ্যায়।

অন্যদিকে এদিন বর্ষীয়ান কবি জনাব মুসাফিরের লেখা ‘বিদ্যাধরী’ গ্রন্থটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এদিনের গুণীজন সংবর্ধনায় প্রথিতযশা শিক্ষিকা,বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী কুমকুম চট্টোপাধ্যায়কে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক, মানপত্র সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সমিতির সভাপতি, সম্পাদক ছাড়াও নানা উপহার সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানান সেবার অন্যতম সেবিকা প্রতিমা চক্রবর্তী ও অর্পিতা গোমস্তা প্রমুখ। মানপত্র পাঠ করেন শম্পা ঘরামী। মনোজ্ঞ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ছোট্ট মৌসুমী সরকার ও সমৃদ্ধা দে।

আবৃত্তি করে ঋষভ পাল, সুশান্ত অধিকারীর কণ্ঠে নজরুল সঙ্গীত ও কবিপুত্র বিক্রমজিৎ চক্রবর্তীর গাওয়া গান সমবেত সকলকে মুগ্ধ করে। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকগন স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন।

নানা অনুষ্ঠান ও কবি-সাহিত্যিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এদিনের সাহিত্য সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় কবি শিউলি হালদারের মুন্সিয়ানা প্রশংসার দাবী রাখে।



















Leave a Reply