নীরেশ ভৌমিক : গত ২৪ মে চাঁদপাড়া বানী বিদ্যাবীথি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ৩৮ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের সুসজ্জিত মঞ্চে। এদিন অপরাহ্নে প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিবরণের মধ্য দিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান শিক্ষক ও সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক তরুন মণ্ডল ও সংস্কৃতিপ্রেমী অশোক সাহা প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ ভট্টাচার্য সকলকে স্বাগত জানান।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়াদের অন্তর্নিহিত সুপ্ত গুণাবলীর বিকাশে এই ধরনের মনোজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

এদিন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনদের হাত দিয়ে বিগত বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।এদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা একক ও সমবেত সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে অংশ নেয়।

বিদ্যালয়ের শিক্ষক সন্তু চক্রবর্তীর নির্দেশনায় পরিবেশিত শিক্ষার্থীদের শিক্ষামূলক মূকাভিনয়ের অনুষ্ঠান সমবেত দর্শক সাধারণের প্রশংসা লাভ করে। সবশেষে শিক্ষিকা অরুন্ধতী চ্যাটার্জী ও রাজস্মিতা শূর এর পরিচালনায় মঞ্চস্থ হয় কবিগুরুর রচিত নৃত্যনাট্য ‘বাল্মীকি প্রতিভা’।

নৃত্যনাট্যটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংস্কৃতি অনুরাগী অগনিত দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বিদ্যালয়ের প্রবীন শিক্ষক শতদল দেবের সুচারু সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।



















Leave a Reply