নীরেশ ভৌমিক : গত ২৫ জুন গাইঘাটার পূর্ব চক্রের কাটাখালি আর পি বিদ্যালয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী।

সেই সাথে বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা ‘ভোরাই’ এর দ্বিতীয় সংখ্যার প্রকাশ অনুষ্ঠান এবং ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণ উৎসব।

বিশ্বকবি রবীন্দ্রনাথ, কবি নজরুল ও শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন চক্রের বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু,

গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, বিরোধী দলনেত্রী সংস্কৃতিপ্রেমী অপর্ণা মন্ডল, স্থানীয় ফুলসরা গ্রাম পঞ্চায়েত প্রধান টুসি রায় সেন প্রমুখ। বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার সকলকে স্বাগত জানান।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশ এবং সুকুমারমতি পড়ুয়াদের বিকাশে এধরণের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন।বিদ্যালয় অঙ্গনের প্রথম সোপান মঞ্চে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, যোগাসন ইত্যাদি পরিবেশন করে।

বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত হালদার ও পুত্র ছোট অর্কের কন্ঠের সংগীত, সংস্কৃতিপ্রেমী অপর্ণা মন্ডলের কন্ঠে রবীন্দ্রনাথ ও নজরুলের সঙ্গীত ও কবিতা আবৃত্তি এবং সেই সাথে

বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুনীতা দে পাল ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাগণের সমবেত কন্ঠের সঙ্গীতানুষ্ঠান এবং অভিভাবিকা গোপা দেবনাথের গাওয়া নজরুল সংগীত সকলকে মুগ্ধ করে।

পরিশেষে গাইঘাটার ডুমা কিশোর নাট্যদলের পরিচালক অনিল মন্ডলের মূকাভিনয় ও শিক্ষামূলক নাটক ‘গাব্বু’ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তীর যাদু প্রদর্শনী উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

শিক্ষক সুশান্ত সরকারের সুচারু সঞ্চালনায় এদিনের আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।



















Leave a Reply