নীরেশ ভৌমিক : গত ২ আগস্ট সন্ধ্যায় গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে প্রদীপ প্রোজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় নাটকের শহর গোবরডাঙার ‘নাট্যায়ন’ নাট্যদল আয়োজিত ১৭তম বার্ষিক নাট্যোৎসব-২০২৬।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কার ভারতীর জেলা কমিটির সভানেত্রী শাশ্বতী রায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, অশিস দাস, অভীক দাঁ, জীবন অধিকারী প্রমুখ।

নাট্যায়ন-এর কর্নধার বিশিষ্ট নাট্যপরিচালক নারায়ণ বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতি এবং সেই সঙ্গে নাট্যচর্চা ও প্রসারে নাট্য নির্দেশক নারায়ণ বিশ্বাস সহ নাট্যায়নের সদস্যদের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমীর অর্থানুকূল্যে আয়োজিত নাট্যোৎসবে এদিন ৩টি নাটক মঞ্চস্থ হয়। শুরুতে রাজা দে’র নির্দেশনায় ‘কাঁকিনাড়া শিল্পাঙ্গন’ নাট্যসংস্থা মঞ্চস্থ করে দেশভাগের পটভূমিকায় দর্শক প্রশংসিত নাটক ‘পঞ্চমীর চাঁদ’।

আয়োজক সংস্থা ‘নাট্যায়ন’ মঞ্চস্থ করে নারায়ণ বিশ্বাস নির্দেশিত সকলের ভালো লাগার নাটক ‘ভক্তিতে-মুক্তি’। নাট্যোৎসবে শেষ নাটক ছিল টালিগঞ্জ স্বপ্ন মৈত্রী প্রযোজিত এবং ইন্দ্রনীল মুখার্জী নির্দেশিত সফল নাটক ‘বিজ্ঞাপন’।

নাট্যামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নাট্যায়ন আয়োজিত ১৭তম বার্ষিক নাট্যোৎসব সার্থকতা লাভ করে।




















Leave a Reply