বিপ্লবী খুদিরামের প্রয়াণ দিবসে চাঁদপাড়ায় রক্তদান সিপিআইএম নেতা কর্মীদের

নীরেশ ভৌমিক : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ বিপ্লবী খুদিরাম বোসের আত্মবলিদানের দিনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গাইঘাটা পূর্ব এরিয়া কমিটি।

গত ১১ আগস্ট চাঁদপাড়া বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে বনগাঁ জে.আর.ধর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা ১০৩ জন নেতা-কর্মীর রক্ত সংগ্রহ করেন।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দলের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে শিবিরে আসেন দলের জেলা কমিটির সম্পাদক পলাশ দাস, দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর জেলা সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী, রাজ্য নেতৃত্ব দলের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।

স্থানীয় নেতৃত্ব সত্যকপাট, কপিল ঘোষ, স্বপন ঘোষ, আশিস সরকার, যুব নেতৃত্ব ময়ূখ মণ্ডল প্রমুখ। গ্রীষ্মের সময়ে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট মেটাতে দলীয় নেতা-কর্মীদের এই মহতী কর্মসূচীকে স্বাগত জানান।

শুরুতে বীর বিপ্লবী খুদিরামের স্মরণে তাঁর প্রতিকৃতি সহ দলীয় নেতা-কর্মীদের এক মিছিল চাঁদপাড়া বাজার এলাকা পরিক্রমা করে। পদযাত্রা শেষে উপস্থিত সকলে শহীদ খুদিরামের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।

খুদিরামের বিপ্লবী জীবনের উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পলাশ দাস, সংগীত ও কবিতায় অমর শহীদ খুদিরামকে শ্রদ্ধা জানানো হয়। উদ্যোক্তারা এদিন বর্ষিয়ান দলনেতা কালিপদ গোলদার, দলের মহিলা নেত্রী অশীতিপর মিনতী রায় সহ ১০ জন প্রবীণ নেতাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

এদিনের স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ খুদিরাম স্মরণ অনুষ্ঠান এবং সেই সঙ্গে স্বেচ্ছা রক্তদান উৎসবকে ঘিরে উপস্থিত সিপিআইএম নেতা-কর্মীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *