পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা বিধানসভার রনঘাট অঞ্চলের কোলা গ্রামের শক্তিকেন্দ্রে বিজেপির বাগদা ১নং মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সান্ধ্যকালীন পথসভা। পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাফল্য এবং তার সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই পথসভার আয়োজন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

সূর্য্য ডোবার সঙ্গে সঙ্গে পথসভাকে ঘিরে কোলা গ্রামের শক্তিকেন্দ্র চত্বরে মানুষের ভিড় বাড়তে থাকে। আয়োজকদের দাবি, রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি এই সভাকে বিশেষ তাৎপর্য এনে দেয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যত জনসমাবেশের রূপ নেয় সভাস্থল।সভায় বক্তারা আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

তাঁদের বক্তব্যে উঠে আসে সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা, খাদ্যনিরাপত্তা এবং আর্থিক স্বস্তির মতো বিষয়। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সে বিষয়ে জনসচেতনতার উপরও গুরুত্ব আরোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজেপির বাগদা ১নং মণ্ডল সভাপতি দিবাকর তরফদার, প্রশান্ত মণ্ডল, পরিমল বিশ্বাস, সুব্রত ঘোষ, আনন্দ রায়-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকেরা।রাজনৈতিক কর্মসূচি হলেও সাধারণ মানুষের অংশগ্রহণ এবং জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা—

এই দুইয়ের সমন্বয়ে কোলার এই পথসভা বাগদা ১নং মণ্ডলের সাংগঠনিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে আরও নিবিড় জনসংযোগ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দলীয় নেতৃত্বের আশা।






















Leave a Reply