নিজস্ব প্রতিবেদক, দীপ্যমান সাহা : জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার, ২৭ আগস্ট বাগদার ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি ‘Yuva Connect’। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে এবং মহাবিদ্যালয়ের NSS Unit ও উত্তর ২৪ পরগনা My Bharat Kendra-র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া, যুবসমাজের বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের মাননীয় প্রতিমন্ত্রী এবং বনগাঁর সাংসদ শ্রী শান্তনু ঠাকুর। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।

যুবসমাজকে ক্রীড়ামুখী করার পাশাপাশি প্রত্যন্ত এলাকার প্রতিভাবান তরুণ-তরুণীদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করার বিষয়ে তাঁর বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রী ও যুবকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের সাফল্যের নেপথ্যে বিশেষভাবে প্রশংসার দাবি রাখে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশের নেতৃত্ব ও উদ্যোগ। তাঁর দক্ষ পরিচালনা ও দূরদর্শী ভাবনার ফলে ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় ক্রমশই শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, NSS কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত স্পর্শ করছে। ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশকে গুরুত্ব দিয়ে নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক, ক্রীড়ামূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণের ফলে কলেজের কার্যক্রমে এসেছে নতুন গতি।

শুধু পঠন-পাঠনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশ এবং তাঁদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অধ্যক্ষের নেতৃত্বে কলেজ কর্তৃপক্ষের একাধিক উদ্যোগ ইতিমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

তাঁর নেতৃত্বে ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় উত্তর ২৪ পরগনার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে—এমনটাই মত অনুষ্ঠানে উপস্থিতদের একাংশের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের NSS কলকাতার Regional Director শ্রী অগ্নিমীল দাস, My Bharat উত্তর ২৪ পরগনার Deputy Director শ্রীমতী রিজভি শাহনাজ রহমান-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ক্রীড়াক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন তায়কোয়ান্দো ক্রীড়াবিদ ও প্রশিক্ষক জহিরুল ইসলাম বিশ্বাস এবং টেবিল টেনিস ক্রীড়াবিদ পি. প্রীতিকা।

বিশেষ করে প্রত্যন্ত এলাকার যুবকদের মধ্যে তায়কোয়ান্দোর মতো ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা তৈরিতে জহিরুল ইসলাম বিশ্বাসের ভূমিকা প্রশংসনীয়। তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষণ ও উৎসাহ বহু তরুণকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক প্রশিক্ষণ, সুযোগ ও উৎসাহ পেলে গ্রাম ও মফস্বল এলাকার প্রতিভাবান তরুণ-তরুণীরাও আগামী দিনে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করতে পারে।

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এই ‘Yuva Connect’ কর্মসূচিকে ঘিরে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, NSS স্বেচ্ছাসেবক এবং যুবসমাজের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

শান্তনু ঠাকুরের অনুপ্রেরণামূলক উপস্থিতি, অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশের নেতৃত্ব এবং জহিরুল ইসলাম বিশ্বাসের মতো ক্রীড়া প্রশিক্ষকদের নিরলস উদ্যোগ—সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান বাগদার যুবসমাজকে ক্রীড়ামুখী করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করল।






















Leave a Reply