গাইঘাটার সেকাটি বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে নৈশ ফুটবল টুর্নামেন্ট​

​নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও গাইঘাটা ব্লকের সেকাটি বিবেকানন্দ ক্লাব দিবারাত্রির এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের পুণ্যদিনের সন্ধ্যায় সেকাটির প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাব সভাপতি

বাসুদেব হরি কর্তৃক ক্লাব পতাকা উত্তোলন, শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে, আতসবাজির রোশনাই এর মধ্য দিয়ে আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিরোধী দলনেতা চন্দ্ৰকান্ত দাস,

ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য সমীর সরকার ও বর্ষীয়ান ফুটবল প্রেমী দেবপ্রসন্ন মজুমদার প্রমুখ। ​ প্রতিযোগিতা শুরু হলে মাঠে আসেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, ফুটবল প্রেমী প্রবীর রায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর প্রমুখ।

উদ্যোক্তারা সকলকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন ।উপস্থিত সকলকে স্বাগত জানান ক্লাব সম্পাদক পবন দাস ও সমীর মন্ডল। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে ফুটবল চর্চা ও প্রসারে সেকাটি বিবেকানন্দ ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।​

মধ্যরাতে চূড়ান্ত পর্বের খেলায় নদীয়ার ফৌজি একাদশ তীব্র প্রতিদ্বন্দ্বিতায় গোবরডাঙার নবীন একাদশকে পরাস্ত করে টুর্নামেন্টের সেরা শিরোপা অর্জন করে।

বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে সুদৃশ্য চ্যালেঞ্জ ট্রফি ও নগদ ৩৫ হাজার ও ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন দিকে সেরা খেলোয়াড়গনকেও আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

গোবরডাঙা নবীন সংঘের খেলোয়াড়কে ম্যান অফ দ্যা সিরিজ ‘গোপাল মণ্ডল স্মৃতি পুরস্কার’ তুলে দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব সদস্য সমীর মণ্ডল। মাঠভর্তি দর্শক সাধারণ এদিনের ফুটবল টুর্নামেন্ট বেশ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *