বর্ণাঢ্য ইমন নাট্যমেলা অনুষ্ঠিত হল গোবরডাঙা শিল্পায়নের স্টুডিও থিয়েটারে

নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টারের উদ্যোগে ২৬ জুন ২০২৬ সন্ধ্যায় গোবরডাঙা শিল্পায়নের স্টুডিও থিয়েটারে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ইমন নাট্যমেলা।

মূকাভিনয়, নাটক, নৃত্য, সঙ্গীত ও কবিতা সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান দর্শকদের বিপুল সাড়া ও প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী উত্তর ২৪ পরগণার সভাপতি শাশ্বতী নাথ, বাংলার সিঞ্চন নাট্যদলের পরিচালক যোগরাজ চৌধুরী, গোবরডাঙা নাবিক নাট্যম-এর পরিচালক জীবন অধিকারী, খড়দহ থিয়েটার জোন-এর পরিচালক তপন দাস সহ আরো বিশিষ্টরা।

এদিন ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে স্মরণ করে অনুষ্ঠান সূচনা হয়। অতিথিরা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে মূকাভিনয় ও নাট্যচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে ইমন মাইম সেন্টারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করে তুলতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন।

সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পরিবেশনায় ও ধীরাজ হাওলাদার-এর নির্দেশনায় ‘আলিবাবা’-র মঞ্চায়ন দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও ঠাকুরনগর সিঞ্চন মাইম গ্রুপ-এর মূকাভিনয়, গোবরডাঙা নাবিক নাট্যমের গান ও কবিতার কোলাজ “গানে ও কবিতায় রবীন্দ্র-নজরুল”-এর মনোজ্ঞ নিবেদন, লাস্যশ্রী ও নৃত্যালোক-এর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

এলাকার নাট্যপ্রেমী, শিল্পী ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ। অনুষ্ঠান শেষে দর্শকদের অনেকেই জানান, এক মঞ্চে বিভিন্ন শিল্পমাধ্যমের এমন বৈচিত্র্যময় পরিবেশনা দীর্ঘদিন মনে রাখার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *