পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ দিবস ও বিশ্ব যোগ দিবস উপলক্ষে সুস্থ শরীর ও সৃজনশীল মননের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করল নাট্যসংস্থা ‘একটি প্রযোজনা’।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আয়োজিত এই কর্মসূচিতে সংস্থার ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ জন সদস্য উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের যোগাসন, প্রাণায়াম এবং শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক যোগচর্চা করানো হয়। সকালবেলার প্রাণবন্ত পরিবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা।

উপস্থিত সদস্যদের মতে, নিয়মিত যোগাভ্যাস শুধু শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে না, বরং একজন নাট্যশিল্পীর একাগ্রতা, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, শারীরিক নমনীয়তা এবং মঞ্চে অভিনয় দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফলে থিয়েটারচর্চার পাশাপাশি যোগচর্চা আজ সময়ের দাবি হয়ে উঠেছে।এই উপলক্ষে সংস্থার গুরু শ্রীমতী সমাপ্তি ঘোষ বিশ্ব যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “যোগ শুধুমাত্র একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, এটি একটি জীবনদর্শন।

সুস্থ, সচেতন ও সৃজনশীল জীবন গঠনের অন্যতম কার্যকর মাধ্যম হল নিয়মিত যোগাভ্যাস।” তিনি যোগচর্চার বহুমুখী উপকারিতা এবং সারা বছর এর ধারাবাহিক অনুশীলনের প্রয়োজনীয়তার উপরও আলোকপাত করেন।

সমগ্র কর্মসূচির পরিচালনায় ছিলেন তিনিই।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিতলি চক্রবর্তী, অর্পিতা হালদার এবং ভাস্কর পাল। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় কর্মসূচিটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নাট্যচর্চার পাশাপাশি শিল্পীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের স্বাস্থ্যসচেতন ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন নিয়মিতভাবে করা হবে।

বিশ্ব যোগ দিবসের এই উদ্যোগ শিল্পচর্চা ও সুস্থ জীবনযাপনের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন রচনা করেছে বলে মত উপস্থিত সদস্যদের।




















Leave a Reply