নীরেশ ভৌমিক : চাঁদপাড়া তথা গাইঘাটা ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা খিঁদে বছরভর নানা ধরণের সেবামূলক কাজকর্ম করে থাকে।

গত ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপাড়ার মিলন ব্যাঙ্কুয়েট হলে রক্তদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

শিবিরে সংস্থার ২৭ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সুফল কুমার আঢ্য, শিক্ষিকা শ্রীপর্ণা দেবনাথ, শঙ্কর নাথ, সাংবাদিক তপন মন্ডল প্রমুখ।

উদ্যোক্তারা সকলকে ব্যাজ, চারাগাছ ও পুষ্পস্তবক প্রদানে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে রক্তদান সহ সংস্থার নানা সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

সংস্থার কর্ণধার তন্ময় হালদার ও পথপ্রদর্শক তপন বিশ্বাস জানান, তাঁরা রক্তদান, বৃক্ষরোপন ও বৃক্ষচারা বিতরণ ছাড়াও অভুক্ত, অসহায় ও দরিদ্র মানুষজনের মধ্যে খাদ্য ও বস্ত্র প্রদান, শুধু তাই নয়,

রাজ্যের পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার আদিবাসী সমাজের পড়ুয়াদের লেখাপড়ার জন্য শিক্ষাসামগ্রী প্রদান এবং সংস্থার পক্ষ থেকে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছেন নিজেদের অর্থেই।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ছাড়াও ছিল অনুনাটক, নৃত্যনাট্য, ছিল বাংলা ব্যান্ডের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।

সংস্থার কচি-কাঁচা সদস্যগণ পরিবেশিত মজার নাটক ‘ভূষণ্ডির মাঠ’ ছাড়াও খিঁদে সংস্থার বিষয়ে বর্ণালি, স্বরিত ও ঈশানের কণ্ঠে গাওয়া সংগীতটি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

নানা অনুষ্ঠান ও বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এদিনের সমগ্র কর্মসূচী সার্থক হয়ে ওঠে। পরিশেষে সায়ন্তনী সরকারকে সভাপতি করে ৯ জনের নতুন বার্ষিক কমিটি গঠিত হয়।























Leave a Reply