নীরেশ ভৌমিক : জন্মমাসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত ২৭ জুন অপরাহ্নে সাড়ম্বরে শুরু হয় গোবরডাঙার সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৭৯ তম সাহিত্য-সভা। সভায় পৌরোহিত্য করেন প্রবীণ কবি তপন দাস।

উপস্থিত ছিলেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও সরোজ কান্তি চক্রবর্তী।স্বাগত ভাষণে সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার আয়োজিত সাহিত্যসভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে বছরভর সেবা সমিতির বিভিন্ন সেবামূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন।

এদিন বিশিষ্ট কবি তাপস বিশ্বাস রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ “১০৮ নম্বর নীলপদ্ম” গ্রন্থটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সেবার সাহিত্য-সংস্কৃতি প্রেমী সম্পাদক গোবিন্দ লাল মজুমদার। বিশিষ্ট কবি তাপস বাবুও স্বরচিত একটি কবিতা পাঠ করে শোনান।

ছোট আয়ন মণ্ডলের কবিতা আবৃত্তি, প্রবীর কুমার হালদারের কন্ঠের গান এবং স্বস্তিকা ভক্ত এর স্বরচিত গল্প পাঠ ও সেবার অন্যতম সেবিকা বুলা বিশ্বাসের কবিতা পাঠ সমবেত সকলের প্রশংসা লাভ করে।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জীবন, কর্ম, আদর্শ ও তাঁর রচিত বিভিন্ন গল্প-উপন্যাসের উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস,

বিশিষ্ট সাংবাদিক সরোজকান্তি চক্রবর্তী ও বাসুদেব মুখোপাধ্যায়। গুণীজন সংবর্ধনায় এদিন প্রবীণ সাহিত্যিক তপন বিশ্বাসকে উত্তরীয়, মানপত্র, স্মারক সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উপহার সামগ্রী তুলে দেন সমিতির সভাপতি হিমাদ্ৰী গোমস্তা, সম্পাদক গোবিন্দলাল মজুমদার ও সেবার অন্যতম সেবিকা প্রতিমা চক্রবর্তী। মানপত্র পাঠ করেন সেবার কর্মী বুলা বিশ্বাস।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও রচনা পাঠে অংশ নেন। বিশিষ্ট কবি পাঁচুগোপাল হাজারার সুচারু সঞ্চালনায় এদিনের কবি সম্মেলন বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।




















Leave a Reply